‘ভারতরত্ন’ ফিরিয়ে দিতে প্রস্তুত: অমর্ত্য সেন
নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, অটল বিহারি বাজপায়ী চাইলে তার হাত থেকে নেয়া ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ভারতরত্ন’ তিনি ফিরিয়ে দিতে প্রস্তুত।
গত সপ্তাহে গুজরাটের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা নরেন্দ্র মোদীকে নিয়ে মন্তব্য করে দলটির তোপের মুখে পড়েন এই অর্থনীতিবিদ।
একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে অমর্ত্য সেন বলেন, একজন ভারতীয় নাগরিক হিসেবে তিনি কখনোই মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না।
“উনার রেকর্ডও আমার ভাল মনে হয় না। আমরা ভারতীয়রা কখনও চাইব না এরকম কোনও পরিস্থিতি আসুক যেখানে সংখ্যালঘুরা সন্ত্রস্ত হয়ে পড়ুক। আমি মনে করি ২০০২ সালে ওদের বিরুদ্ধে সন্ত্রাস পুরোটাই তৈরি করা হয়েছিল।”
এরপর অমর্ত্য সেনের ভারত রত্ন উপাধি কেড়ে নেয়ার দাবি জানিয়ে বিজেপির সাংসদ চন্দন মিত্র বলেন, ভারতের একজন ভোটার না হলেও ‘ভারতরত্ন’ পুরস্কার পাওয়া একজন মানুষ কীভাবে কোনো দল বা নেতার বিরুদ্ধে কথা বলেন। এ নিয়ে তিনি বিস্ময়ও প্রকাশ করেন।
চন্দন মিত্রের ওই দাবি নিয়ে ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত বিতর্ক শুরু হয়। তার বক্তব্যকে বিজেপির ‘ফ্যাসিস্ট মানসিকতা’র প্রতিফলন হিসাবে উল্লেখ করে ক্ষমতাসীন কংগ্রেস।
এর প্রতিক্রিয়ায় অমর্ত্য সেন টাইমস নাউকে বলেন, “মি. চন্দন মিত্র হয়তো জানেন না যে, বিজেপি সরকারের আমলে প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপায়ী আমার হাতে ভারতরত্ন পদক তুলে দিয়েছিলেন। মি. বাজপেয়ী সেটা ফেরত চাইলে আমি অবশ্যই তা ফেরত দেব।”
এ ধরনের একটি দাবি সামনে আসাকে ‘দুর্ভাগ্যজনক’ বলে এটাকে মিত্রর ‘ব্যক্তিগত’ মত হিসেবে উল্লেখ করেন তিনি।
অমর্ত্য সেন বলেন, “এরকম একটি রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়া এবং আমার সম্পর্কে কারো এরকম দৃষ্টিভঙ্গি শুধু আমারই নয়, সব মানুষের কাছেই অন্যায় মনে হবে। আমি মনে করি এটা দুর্ভাগ্যজনক....।এটা আসলেই ‘আনপ্রোডাক্টিভ’।”
তিনি আরো বলেন, বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে এল কে আদবানি, যশোবন্ত সিনহা, জাসওয়াত সিং ও অরুণ জেটলির মতো নেতাদের সঙ্গে তার অনেক আলোচনা হয়েছিল।
