দিল্লি ধর্ষণ মামলার রায়ের অপেক্ষা
ভারতের রাজধানী দিল্লিতে এক ছাত্রীকে ধর্ষণের পর বাস থেকে ফেলে হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় হচ্ছে মঙ্গলবার।
ওই ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলন শুরু করে ছাত্র-জনতা।
গত মাসে অপ্রাপ্ত বয়স্ক এক অভিযুক্তের তিন বছর সংশোধনাগারে কারাবাসের রায় হওয়ার পর এবার চার মূল অভিযুক্তের রায় ঘোষণা করা হবে।
গত ১৬ ডিসেম্বর রাতে সিনেমা দেখে বন্ধুর সঙ্গে ফেরার সময় চলন্ত বাসে ২৩ বছর বয়সী ফিজিওথেরাপির ওই ছাত্রীকে ধর্ষণ করে ছয় পাষণ্ড। ধর্ষণের আগে ছাত্রীর বন্ধুকে পিটিয়ে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়। পরে তাদের দুজনকেই চলন্ত বাস থেকে ফেলা দেয়া হয়।
এর দুই সপ্তাহ পর মারাত্মক আহত ওই ছাত্রী সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এই মৃত্যুতে ভারতজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন জায়গায় সহিংস প্রতিবাদ বিক্ষোভ হয়। নারীর সুরক্ষা নিয়ে জাতীয় পর্যায়েও বিতর্ক তৈরি হয়। প্রবল বিতর্কের মুখে আইন সংশোধন করে নারী নির্যাতনের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান করা হয়।
মামলায় অভিযুক্ত ছয়জনের মধ্যে প্রধান আসামী বাসচালক রাম সিং কারাগারে মারা যান। মারা যাওয়ার পর তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়।
ধর্ষণ ও খুনের দায়ে দোষী সাব্যস্ত হলে বাকি চার অভিযুক্ত বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও মুকেশ সিংয়ের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হতে পারে। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করেছে।
এই চার অভিযুক্তের সবার বয়স ১৯ থেকে ৩৫ বছরের মধ্যে।
দিল্লির একটি দ্রুত বিচার আদালতে মামলার বিচার কাজ চালানো হয়।
