দিল্লি গণধর্ষণ মামলায় কিশোরের দণ্ড
ভারতের রাজধানী নয়া দিল্লিতে এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণ ও হত্যা মামলায় এক কিশোরকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
আলোচিত এ ঘটনায় শনিবারই আদালত প্রথম রায় দেয়, যাতে আসামিদের মধ্যে থাকা একমাত্র কিশোরকে দণ্ডিত করা হয়েছে।
ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ দণ্ড দেয়া হয়েছে। ভারতের আইনে কিশোর অপরাধীদের জন্য এটাই সর্বোচ্চ সাজা।
কিশোর সংশোধনাগারে থেকে তাকে এই দণ্ড ভোগ করতে হবে।
গত বছর ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের ওই তরুণী ধর্ষিত হন। এ সময় তার বন্ধুকেও মারধর করা হয়। এরপর ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফিজিওথেরাপির ওই ছাত্রী।
এ ঘটনায় ভারতজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। গণদাবির মুখে আইন সংশোধন করে ধর্ষণ মামলায় সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান করে সরকার।
আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছে ওই কিশোর। ঘটনাটির সময় তার বয়স ছিল ১৭ বছর। এজন্য কিশোর আদালতে তার বিচার হয়।
তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে নিহতের পরিবার। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন তারা।
রায় ঘোষণার পর আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন নিহত তরুণীর মা।
রয়টার্সকে তিনি বলেন, “ধর্ষণ ও হত্যার মতো ঘৃণ্য অপরাধের শাস্তি যদি মাত্র তিন বছরের কারাদণ্ড হয় তাহলে বরং আপনারা ওই কিশোরকে ছেড়ে দিতে পারেন।”
ওই কিশোরের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে তিনি বলেন, তার এ লঘু শাস্তিতে অন্য কিশোরেরা এ ধরনের অপরাধ করতে উৎসাহিত হবে।
এ ঘটনায় ডিসেম্বরেই ওই কিশোরসহ আরো পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের একজন গত মার্চে কারাগারে আত্মহত্যা করেন।
বাকি চারজনের বিচার চলছে একটি দ্রুত বিচার আদালতে। আগামী সেপ্টেম্বরের মাঝামাঝিতে তাদের বিরুদ্ধে রায় ঘোষণা হতে পারে।
এই চার জন প্রাপ্তবয়স্ক হওয়ায় দোষী প্রমাণিত হলে তাদের মৃত্যুদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
