ইসলামাবাদ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত সপ্তাহে চীনের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দেওয়া বিবৃতিতে ভীষণ ক্ষোভ প্রকাশ পেয়েছে দেশটির সেনাবাহিনী প্রধান আশফাক পারভেজ কায়ানির কণ্ঠে। তিনি প্রধানমন্ত্রীর ওই বিবৃতির ব্যাখ্যা অথবা তা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।
শনিবার পাকিস্তান সেনাবাহিনীর এক উর্ধ্বতন কর্মকর্তা একথা জানিয়েছেন।
“প্রধানমন্ত্রীর বিবৃতির বিষয়ে প্রেসিডেন্টের কাছে অভিযোগ করেছেন সেনাপ্রধান। অভিযোগে তিনি প্রধানমন্ত্রীর ওই বিবৃতির ব্যাখ্যা চেয়েছেন অথবা তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন,” বলেন ওই কর্মকর্তা।
“বিবৃতিটিতে বিভক্তির উস্কানি রয়েছে এবং এটি দেশের স্থিতিশীলতা আরো ভঙ্গুর করে তুলবে বলে সেনাপ্রধান মন্তব্য করেছেন।”
সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানি ও আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ সুজা পাশা একটি গোপন স্মারকলিপির বিষয়ে সরকারের বিরুদ্ধে আদালতে নালিশ জানিয়েছেন।
গত সপ্তায় চীনের এক গণমাধ্যমে সেনাপ্রধান ও গোয়েন্দা প্রধানের এই পদক্ষেপের সমালোচনা করে একে ‘অসাংবিধানিক’ বলে বিবৃতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
গিলানির এই বিবৃতিতেই ক্ষিপ্ত হয়ে ওঠে পাকিস্তান সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। এর জবাবে কঠোর একটি বিবৃতি প্রকাশ করে সেনাবাহিনী।
তাতে বলা হয়, “মাননীয় প্রধানমন্ত্রী যে অভিযোগ করেছেন তার চেয়ে গুরুতর কোনো অভিযোগ হতে পারে না। এর প্রভাব সুদূরপ্রসারী এবং এ ধরনের মন্তব্য দেশকে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি করবে।”
গত বুধবার প্রতিরক্ষা সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নাঈম খালিদ লোধিকে বরখাস্ত করে গিলানি সেনাবাহিনীকে আরো ক্ষিপ্ত করে তুলেছেন।
“গুরুতর অসদাচরণ ও সীমাবহির্ভূত কার্যকলাপের মাধ্যমে সরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভুলবোঝাবুঝি সৃষ্টি করার” কারণ দেখিয়ে লোধিতে অপসারণ করা হয়।
সেনাবাহিনী বিষয়ে বেসামরিক প্রশাসনের সর্বোচ্চ পদে কর্মরত ছিলেন লোদি। প্রতিরক্ষা সচিবকে বেসামরিক আমলাতন্ত্রে সামরিক বাহিনীর প্রধান স্বার্থরক্ষাকারী হিসেবে দেখা হয়।
সেনাপ্রধান কায়ানি থেকেও তার অধঃস্তন সামরিক কর্মকর্তারা সরকারের ওপর আরো বেশি ক্ষিপ্ত বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
“প্রধানমন্ত্রীর ওই বিবৃতির বিষয়ে সেনাপ্রধানের ওপর সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্র্রচণ্ড চাপ রয়েছে,” বলেন ওই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৫৪ ঘ.
bdnews24