২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের চাপ উপেক্ষা করে দমনাভিযান চলছে সিরিয়ায়

যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে সীমান্তবর্তী আরিদা গ্রামে বৃহস্পতিবার ট্যাংক ও সেনা মোতায়েন করেছে সিরিয়া সরকার। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

বোকায়া, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের চাপ ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে সীমান্তবর্তী আরিদা গ্রামে বৃহস্পতিবার ট্যাংক ও সেনা মোতায়েন করেছে সিরিয়া সরকার। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে সিরিয়ায় চলমান সহিংসতা ও দমনপীড়নের জন্য আসাদ ও তার সরকারের কর্মকর্তাদের দায়ী করার স্পষ্ট বার্তা দিয়েছে ওয়াশিংটন। নাম প্রকাশ না করে এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট আসাদকে হয় গণতান্ত্রিক উত্তরণ নয়তো ক্ষমতা থেকে সরে দাঁড়ানো--দুয়ের একটিকে বেছে নিতে হবে। কিন্তু এ চাপের মুখেও সিরিয়ায় বিক্ষোভ দমনে সেনা, ট্যাংক মোতায়েনসহ ঘরে ঘরে তল্লাশি, গণগ্রেপ্তার থেমে নেই। আরিদা গ্রামে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে সেনারা। লেবানন সীমান্তবর্তী বোকায়া গ্রাম থেকে নজরে পড়ছে আরিদা গ্রামে এই সেনা তৎপরতা। এর আগে গ্রামটিতে থেমে থেমে গুলির শব্দ শুনতে পাওয়ার কথা জানান এক মানবাধিকার কর্মী। আরিদা গ্রামের অবস্থান তেল কেলাখ শহরের কাছে। সেনারা শনিবার ওই এলাকায় প্রবেশ করার পর অন্তত ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানান ওই মানবাধিকার কর্মী। আসাদ বিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তাবাহিনী গুলি, ট্যাংক থেকে গোলা বর্ষণ এবং গণগ্রেপ্তার করছে। পশ্চিমা বিশ্ব এতোদিন আসাদের কর্মকা-ের জোর সমালোচনা না করলেও এখন কড়া নিন্দায় সরব হয়েছে। আসাদসহ সিরীয় সরকারের শীর্ষ নেতাদের ওপর ইতোমধ্যেই নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা। আর এখন ওয়াশিংটন ব্যক্তিগতভাবে আসাদের ওপর নতুন নিষেধাজ্ঞা চাপালো। এতে করে পশ্চিমা বিশ্ব আসলে আসাদের পতনই চাইছে কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, আসাদকে রাজনৈকি সংস্কারের প্রতিশ্রুতি পূরণে বাধ্য করতেই এ নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রেসিডেন্ট আসাদ ছাড়াও ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী, সেনা গোয়েন্দা সংস্থার প্রধান এবং রাজনৈতিক নিরাপত্তা শাখার প্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সিরীয় কর্মকর্তাদের সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজস্ববিভাগ। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল। সেইসঙ্গে সংস্থাটি সিরিয়ার ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আহ্বান জানিয়েছে। সুইজারল্যান্ডও সিরিয়ার শীর্ষ ১৩ কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। একইসঙ্গে সুইসব্যাংকে তাদের কোনো সম্পত্তি থাকলে তা বাজেয়াপ্ত করার পদক্ষেপ নেওয়া হয়েছে। আরব উপত্যকার অন্যান্য দেশগুলোতে শুরু হওয়া গণবিক্ষোভে উৎসাহিত হয়ে মার্চে অবাধ স্বাধীনতা ও দুর্নীতি অবসানের দাবিতে সিরীয়রাও বিক্ষোভ শুরু করে। সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৭শ'রও বেশি মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠনগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৩৯ ঘ.