২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে ওসামা হত্যা মিশনের ভিডিও গেম

বিন লাদেন হত্যা মিশন নিয়ে কম্পিউটার গেম তৈরি হয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক কোম্পানি 'কুমা গেমস' এটি প্রকাশ করেছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2011, 07:48 AM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিন লাদেন হত্যা মিশন নিয়ে কম্পিউটার গেম তৈরি হয়েছে। নিউ ইয়র্ক ভিত্তিক কোম্পানি 'কুমা গেমস' এটি প্রকাশ করেছে। ২ মে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ৬০ কিলোমিটার দূরে সেনাশহর অ্যাবোটাবাদে বিন লাদেনের গোপন আস্তানায় আকস্মিক হামলা চালায় মার্কিন নৌবাহিনীর নেভিসিল কমান্ডোরা। হামলায় নিহত হন যুক্তরাষ্ট্রের 'মোস্ট ওয়ান্টেড' তালিকার শীর্ষে থাকা ওসামা বিন লাদেন। ওই অভিযান নিয়েই ভিডিও গেমটি তৈরি করা হয়েছে। চলতি সপ্তার শুরুতে এই অনলাইন গেমটি প্রকাশ করা হয় বলে বোস্টন হেরাল্ড জানায়। ভিডিও গেমটির সামগ্রিক দৃশ্যপট ওসামা বিন লাদেনের অ্যাবোটাবাদের বাসভবনের আদলেই নির্মাণ করা হয়েছে। এতে দেখানো হয়, বিন লাদেন সশস্ত্র অবস্থায় মার্কিন সেনাদের ওপর আক্রমণ চালানোর চেষ্টা করছেন। কিন্তু তার সে চেষ্টা সফল হয়না। সশস্ত্র লাদেন আক্রমণরত অবস্থায় মার্কিন সেনাদের গুলিতে নিহত হয়েছে। গ্রাফিক্স-অ্যানিমেশনের মাধ্যমে গেমটিতে সন্নিবেশিত দৃশ্যবলী ও আশপাশের প্রেক্ষাপট খুব সতর্কভাবে প্রকাশিত ভিডিও ও পত্রপত্রিকার বর্ণনানুযায়ী তৈরী করা হয়েছে বলে জানিয়েছে নির্মাণকারী কোম্পানি। অভিযানে মার্কিন বাহিনী যেসব অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে এমনকি হেলিকপ্টার পর্যন্ত সেই বাস্তবতাকে অনুসরণ করে গেমটিতে ব্যবহার করা হয়েছে। এতে মার্কিন বাহিনীর বিধ্বস্ত ব্ল্যাকহক হেলিকপ্টারটিও দেখানো হয়েছে। এর আগে কুমা গেমস কোম্পানি সাদ্দাম হোসেনকে ধরার অভিযান নিয়েও অনলাইন ভিডিও গেম প্রকাশ করে। অনলাইন থেকে গেমটি ফ্রি ডাউনলোড করা যাবে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের ওয়াল্ড ট্রেড সেন্টাওে (টুইন টাওয়ার) সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে নিহত হয় প্রায় তিন হাজার মানুষ। এই হামলার জন্য ওসামা বিন লাদেন ও তার সংগঠন আল কায়েদাকে দায়ী করা হয়। এরপর থেকেই বিন লাদেনকে জীবিত অথবা মৃত যে কোনো অবস্থাতেই ধরিয়ে দেওয়ার জন্য আড়াই কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৩ ঘ.