মিসরাতা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- লিবিয়ায় এবার চালকবিহীন বিমান পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামা ইতোমধ্যেই লিবিয়া অভিযানে এ বিমান ব্যবহারের অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।
"লিবিয়ার সামরিক শক্তি ধ্বংস করাই চালকবিহীন বিমান (ড্রোন) হামলার লক্ষ্য", বলেন গেটস।
যুক্তরাষ্ট্রের এই চালকবিহীন বিমান হামলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে লিবিয়ার বিদ্রোহীরা। এর ফলে সাধারণ নাগরিকরা গাদ্দাফি বাহিনীর হামলা থেকে রক্ষা পাবে বলে আশা করছে তারা।
গত ফেব্রুয়ারি থেকে লিবিয়ার শাসক মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। তবে এ দীর্ঘ সময়ের মধ্যে তাদের সাফল্য খুব বেশি নয়।
ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে গেটস বলেন, প্রেসিডেন্ট ওবামা মনে করেন, আমাদের কিছু অনন্য সামর্থ্য আছে। তিনি সেই সামর্থ্য ব্যবহার করতে ইচ্ছুক।
তিনি আরো বলেন, ওবামা প্রিডেটর ড্রোন ব্যবহারের অনুমতি দিয়েছেন। সেগুলো ইতোমধ্যেই অভিযানে নেমেছে।
তাছাড়া, ন্যাটোর ব্যবহারের জন্য দু'টি ক্ষেপণাস্ত্রবাহী ইউএস চালকবিহীন বিমান যেকোনো সময় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফস অব স্টাফ জেনারেল জেমস কার্টওয়েইট বলেছেন, বৃহস্পতিবার লিবিয়ায় প্রথম দুটি প্রিডেটর পাঠানো হয়েছে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেগুলোকে ফিরিয়ে আনা হয়।
প্রসঙ্গত, পাকিস্তান ও আফগান সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও সন্দেহভাজন জঙ্গি আস্তানা লক্ষ করে চালকবিহীন বিমান হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় ইতোমধ্যে অনেক সাধারণ নাগরিকও প্রাণ হারিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/এলকিউ/১৩০১ ঘ.
bdnews24