গাদ্দাফি নিহত
সির্তে হামলার পর নিহত হয়েছেন লিবিয়ার ক্ষমতাচ্যুত শাসক মুয়াম্মার গাদ্দাফি। অর্ন্তর্বতী সরকারের (ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল-এনটিসি) ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এ খবর নিশ্চিত করেছেন। ভিডিও
ত্রিপোলি, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সির্তে হামলার পর নিহত হয়েছেন লিবিয়ার ক্ষমতাচ্যুত শাসক মুয়াম্মার গাদ্দাফি। অর্ন্তর্বতী সরকারের (ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল-এনটিসি) ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এ খবর নিশ্চিত করেছেন।
জন্মশহর সির্তের কাছে গাদ্দাফি কিভাবে মারা গেলেন সে ব্যাপারে সুস্পষ্ট কিছু জানা না গেলেও এনটিসি'র কয়েকজন কর্মকর্তা তার মৃত্যু ঘোষণার পর প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিল খবরটি নিশ্চিত করলেন।
ত্রিপোলিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "দেশ থেকে গাদ্দাফিসহ অশুভ সবকিছুই দূর হয়েছে। এ মুহুর্তটির জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে এসেছি। এখন লিবিয়ায় নতুন অধ্যায় শুরুর সময়।"
এর আগে এনটিসি'র তথ্যমন্ত্রী মাহমুদ শাম্মাম রয়টার্সকে বলেন, "যোদ্ধাদের হামলায় গাদ্দাফি মারা যান। এর ফুটেজও আছে।" গাদ্দাফির মতো দেখতে একজনের রক্তমাখা মুখমন্ডলের ছবিও প্রকাশ করা হয়েছে ইতোমধ্যেই।
যোদ্ধারা গাদ্দাফির মরদেহ দেখেছে এবং অন্য কর্মকর্তারাও গাদ্দাফি মারা যাওয়ার খবর দিয়েছেন বলে জানিয়েছেন শাম্মাম।
এনটিসি'র আরেক কর্মকর্তা আব্দুল মজিদ ম্লেগতা জানান, "আঘাতের কারণে গাদ্দাফি মারা গেছেন। বন্দি হওয়ার সময় তিনি মারা যান। তার (গাদ্দাফির) মাথায়ও আঘাত লাগে।"
"গাদ্দাফির গ্র"পের সেনাদের ওপর ব্যাপক গুলি চালানো হয় এবং তিনি মারা যান," বলেন তিনি।
মজিদ এর আগে গাদ্দাফিকে আহত অবস্থায় বন্দি করার কথা জানিয়েছিলেন।
বৃহস্পতিবার বিকেলে তিনি বলেন, খুব ভোরে সির্তের কাছ থেকে গাদ্দাফিকে বন্দি করা হয়। গাড়ি বহর নিয়ে পালানোর চেষ্টার সময় ন্যাটো বিমান হামলার শিকার হন গাদ্দাফি। তার দুই পায়ে আঘাত লাগে।
লিবিয়ার সাবেক এ শাসককে বন্দি করার সময় তার সশস্ত্র বাহিনীর প্রধান আবু বকর নিহত হয়েছে বলেও জানান তিনি।
রয়টার্সকে টেলিফোনে মজিদ বলেন, "তাকে (গাদ্দাফি) বন্দি করা হয়েছে। তার দুই পায়ে জখম হয়েছে.....তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে।"
তবে এনটিসি কর্মকর্তাদের দাবি নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। ওদিকে, পশ্চিমা বাহিনী জানিয়েছে তারা ঘটনাটি খতিয়ে দেখছে।
ন্যাটো জানায়, তারা সির্তের কাছে একটি গাড়িবহরে বিমান হামলা চালিয়েছে। কিন্তু সেই গাড়িবহরে গাদ্দাফি ছিলেন কিনা তা নিশ্চিত নয় তারা।
এনটিসি বাহিনী গাদ্দাফির জন§শহর সির্ত শহর দখলের দাবি করার পরপরপই তাকে বন্দি করার খবর জানায়।
গাদ্দাফিবিরোধী এক যোদ্ধা জানান, মাটিতে একটি গর্তের ভেতরে গাদ্দাফিকে খুঁজে পাওয়া যায়। দুই যোদ্ধা তাকে ধরতে গেলে তাদেরকে 'গুলি কোরোনা', 'গুলি কোরোনা' বলেন তিনি।
গাদ্দাফি গুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে এনটিসি'র কয়েকজন যোদ্ধা। ওদিকে, সির্তে এনটিসি'র এক যোদ্ধা বলেছেন, রাস্তার কাছে একটি সুড়ঙ্গে গাদ্দাফি ধরা পড়ার পর তাকে গুলি করে মারতে দেখেছেন তিনি।
চলতি বছর ২৩ অগাস্টে রাজধানী ত্রিপোলির পতনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন ৪২ বছর ধরে ক্ষমতায় থাকা গাদ্দাফি। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কিছু জানা যাচ্ছিলো না।
গাদ্দাফি ছাড়াও তার ছেলে মোতাস্মিম এনটিসি যোদ্ধাদের হাতে নিহত হয়েছেন বলে জানিয়েছেন এনটিসি কর্মকর্তা মজিদ। তবে গাদ্দাফির আরেক ছেলে সাঈফ আল ইসলাম এখনো ধরা ছোঁয়ার বাইরে।
এ মুহূর্তে চূড়ান্তভাবে লিবিয়ার স্বাধীনতা ঘোষণার তোড়জোড় চলছে। এনটিসি'র চেয়ারম্যান জাতির উদ্দেশে ভাষণে এ ঘোষণা দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২৯ ঘ.
এ সম্পর্কিত আরো খবর
• লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের ডাক
• গাদ্দাফির দুর্গে বিদ্রোহীদের জয়োল্লাস
• গাদ্দাফির মাথার দাম ২০ লাখ দিনার
• লিবিয়ায় হামলা শুরু
