বেনগাজি, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির দুর্গ দখলের এক দিনের মাথায় তাকে হত্যা অথবা জীবিত ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছে বিদ্রোহী বাহিনী।
বুধবার আল উরুবাহ টেলিভিশনে গাদ্দাফির এক অডিওবার্তা প্রচারের পর বিদ্রোহীদের পক্ষ থেকে এই পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।
ওই অডিও বার্তায় বলা হয়, কর্নেল মুয়াম্মার গাদ্দাফি এখনো যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। মৃত্যু অথবা জয় এ দুটোর একটিকেই তিনি বেছে নেবেন।
লিবিয়ার বিদ্রোহীদের ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের চেয়ারম্যান মুস্তফা আব্দেল জলিল বলেন, গাদ্দাফি লিবিয়াতেই আছেন। তার মৃত্যু অথবা অটক না হওয়া পর্যন্ত এ লড়াইয়ের শেষ হবে না।
বিদ্রোহীদের ঘোষণা অনুযায়ী, গাদ্দাফির পক্ষের কেউ তাকে হত্যা করলে অথবা জীবিত ধরিয়ে দিতে পারলে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল তার আগের সব অপরাধ ক্ষমা করে দেবে।
এছাড়া বেনগাজীর এক ব্যবসায়ী গাদ্দাফির মাথার জন্য ২০ লাখ দিনার (১৩ লাখ ডলার) পুরস্কার ঘোষণা করেছেন বলেও গাদ্দাফির এক সময়ের ঘনিষ্ঠ সহচর মুস্তফা আব্দেল জলিল জানান।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় ত্রিপোলিতে গাদ্দাফির দুর্গ বাব আল আজিজিয়ার নিয়ন্ত্রণ নিয়ে তার মূর্তি ভেঙে এবং শূন্যে গুলি ছুড়ে ৪১ বছরের 'স্বৈরশাসনের' অবসান উদযাপন করে বিদ্রোহী বাহিনী।
এই দুর্গে বসেই গত চার দশক ধরে পশ্চিমা নেতাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লিবিয়া শাসন করে আসছিলেন কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। দুর্গ পতনের পর থেকে তিনি কোথায় আছে- সে বিষয়ে কিছু জানা যায়নি।
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বুধবারও গাদ্দাফির অনুগত সেনা ও বিদ্রোহীদের মধ্যে বিক্ষিপ্তভাবে লড়াই চলে। বিদ্রোহীদের চূড়ান্ত বিজয় নিশ্চিত করতে ন্যাটোও বিমান হামলা চালায়। বিস্ফোরণের শব্দে মাঝে মধ্যেই কেঁপে ওঠে ত্রিপোলি।
এই পরিস্থিতির মধ্যে একপ্রকার গৃহবন্দি হয়ে কাটাতে হচ্ছে ত্রিপোলির ২০ লাখ মানুষকে। খাবার, পানি আর ওষুধের সংকটের মধ্যে তারা আশা করছেন, শিগগিরই এ যুদ্ধের শেষ হবে।
এদিকে বিদ্রোহীদের অন্যতম নেতা মাহমুদ জিব্রাইল দেশ পুনর্গঠনে লিবিয়াবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
কাতারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "লিবিয়াবাসীর ক্ষত সারিয়ে তুলতে শহর-গ্রাম নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ হতে হবে।"
নির্বাচিত নতুন সরকার আসার পর গাদ্দাফির অবিচারের শিকার হওয়া ব্যক্তিদের অধিকার ফিরিয়ে দেওয়ারও প্রতিশ্র"তি দিয়েছেন তিনি।
ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের মুখপাত্র আবদেল হাফিজ গগা মিশরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত গাদ্দাফির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। তিনি (গাদ্দাফি) এখনো লিবিয়াতেই আছেন। তার কোথাও পালিয়ে যাওয়ার সুযোগ নেই।
"গাদ্দাফিকে ধরার জন্য আমরা অপেক্ষা করছি। আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে হস্তান্তরের আগে লিবিয়াতেই তার বিচারের চেষ্টা চালানো হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/০২০৬ ঘ.
bdnews24