ত্রিপোলি, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ত্রিপোলিতে মুয়াম্মার গাদ্দাফির দুর্গ বাব আল আজিজিয়ার নিয়ন্ত্রণ নিয়ে তার মূর্তি ভেঙে এবং শূন্যে গুলি ছুড়ে ৪১ বছরের 'স্বৈরশাসনের' অবসান উদযাপন করেছে বিদ্রোহী বাহিনী।
টানা কয়েক ঘণ্টার তুমুল লড়াইয়ের পর মঙ্গলবার লিবিয়ার বিদ্রোহী বাহিনীর সদস্যরা ভারি অস্ত্র নিয়ে পিকআপ ও ট্রাকে করে বাব আল আজিজিয়া কম্পউন্ডে ঢুকে পড়ে। আকাশ থেকে বোমা হামলা চালিয়ে তাদের কাজ আরেকটু সহজ করে দেয় ন্যাটোর বিমান।
এই দুর্গে বসেই গত চার দশক ধরে পশ্চিমা নেতাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লিবিয়া শাসন করে আসছিলেন কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। দুর্গ পতনের পর ওই বিশাল কমপ্লেক্সের কোনো ভবন বা বাংকারে গাদ্দাফি বা তার ছেলেদের কেউ আছেন কি না- তা জানা সম্ভব হয়নি।
বিকালের দিকে কয়েকশ বিদ্রোহী যোদ্ধা কম্পাউন্ডে ঢুকে পড়লে গাদ্দাফির অনুগত সৈন্যদের গুলির শব্দ থেমে যায়। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, ওই কম্পাউন্ডের ওপর দিয়ে কালো ধোঁয়া উড়ছে। ভেতরে বিদ্রোহীরা শূন্যে গুলি ছুড়ে উল¬াস প্রকাশ করছে।
এ সময় কয়েকজনকে গাদ্দাফির একটি মূর্তি ভাঙতে দেখা যায়। কোনো প্রতিরোধ ছাড়াই কমপ্লেক্সের ভেতরে ডজনখানেক ভবনে তল্লাশি চালাতে থাকে বিদ্রোহীরা। গাদ্দাফির অনুগত বাহিনীর ফেলে যাওয়া সমারিক সরঞ্জাম ও যান জব্দ করে তারা। লুটতরাজও চলে।
এক বিদ্রোহী যোদ্ধাকে দেখা যায়, বড় মাপের একটি মিলিটারি ক্যাপ মাথায় দিয়ে অস্ত্র হাতে কম্পাউন্ডে ঘুরে বেড়াচ্ছেন। তার দাবি, গাদ্দাফির শোবার ঘরেই এই ক্যাপটি পেয়েছেন তিনি।
বন্দুকের নল আকাশের দিকে তুলে ট্রিগার চেপে ধরে চিৎকার করতে দেখা যায় এক বিদ্রোহী যোদ্ধাকে। গুলির শব্দ ছাপিয়ে শোনা যায়, "খেল খতম। গাদ্দাফি শেষ।"
অবশ্য পশ্চিমা সমর্থনপুষ্ট বিদ্রোহী জাতীয় কাউন্সিলের প্রধান মুস্তফা আব্দেল জলিল এখনই চূড়ান্ত বিজয়ের ঘোষণা দিতে রাজি নন।
তিনি বলেন, "ত্রিপোলিতে যুদ্ধজয় হয়ে গেছে- এমন কথা এখনই বলা যাচ্ছে না। গাদ্দাফি আর তার ছেলেদের না ধরা পর্যন্ত চুড়ান্ত বিজয় আসবে না।"
এদিকে বিদ্রোহীরা এক দিন আগে গাদ্দাফির তিন ছেলেকে বন্দি করার দাবি করলেও মঙ্গলবার সকালে আকস্মিকভাবে গাদ্দাফি নিয়ন্ত্রিত এলাকায় বিদেশি সাংবাদিকদের দেখা দেন সাইফ আল ইসলাম, যাকে গাদ্দাফির উত্তরসূরি হিসেবে মনে করা হয়। গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ বলেন, বিদ্রোহীরা ফাঁদে পড়েছে। তার বাবা প্রাসাদে আছেন বলেও দাবি করেন সাইফ।
এরপরই বিদ্রোহীরা বাব আল আজিজিয়ার পথে অভিযান জোরদার করে। আর ন্যাটো বাহিনী বিমান থেকে গোলবর্ষণ করে বিদ্রোহীদের সহায়তা দেয়।
গাদ্দাফি কোথায়?
গাদ্দাফির দুর্গ বিদ্রোহীদের দখলে চলে গেলেও তিনি এখন কোথায় আছেন- সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।
বিশ্ব দাবা ফেডারেশনের রুশ প্রধান কিরশান ইলিউমঝিনোভ রয়টার্সকে জানান, মঙ্গলবার বিকালে গাদ্দাফি তাকে ফোনে বলেছেন, তিনি ত্রিপোলিতেই আছেন।
"তিনি সুস্থ; শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছেন।"
অন্যদিকে রোমে নিয়োজিত বিদ্রোহীদের দূত হাফেদ গাদ্দুর বলেন, গাদ্দাফি বাংকারে আটকা পড়েছেন বলেই তাদের ধারণা।
"আমরা ভেবেছিলাম ত্রিপোলি এক মাস, এমনকি দুই মাসে মুক্ত হতে পারে। কিন্তু তার বদলে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তা হয়েছে। এক দিনে আমরা বিশাল অগ্রগতি অর্জন করেছি," যোগ করেন গাদ্দুর।
বিদ্রোহীদের সামরিক, আর্থিকসহ সব ধরনের সহায়তা প্রদানকারী পশ্চিমা দেশগুলোর সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণের জন্য গাদ্দাফির প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে গাদ্দাফির বর্তমান অবস্থান সম্পর্কে কিছু জানাতে পারেননি তারাও।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কথা বলার পর ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি বলেছেন, গাদ্দাফির পতন 'অবশ্যাম্ভাবী'।
ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে, গাদ্দাফির অবস্থানের বিষয়টি এখনো জানা যায়নি। আর এটা এখন আর গুরুত্বপূর্ণ বিষয়ও নয়।
ওয়াশিংটনে পেন্টাগনের এক মুখপাত্র বলেন, তিনি মনে করেন গাদ্দাফি এখনো লিবিয়াতেই আছেন। তার অনুগত সৈন্যরা এখনো বেসামরিক নাগরিকদের জন্য হুমকি।
তিনি জানান, যুক্তরাষ্ট্র সরকার লিবিয়ায় জীবাণু অস্ত্রেও স্থাপনাগুলোতে নজরদারি করছে, যাতে সেগুলো পশ্চিমা স্বার্থবিরোধী কোনো গোষ্ঠীর হাতে না যেতে পারে।
একজন গাদ্দাফি
১৯৬৯ সালে মাত্র ২৭ বছর বয়সে রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার তৎকালীন রাজা ইদ্রিসকে সরিয়ে ক্ষমতা দখল করে নেন মুয়াম্মার গাদ্দাফি।
দীর্ঘ শাসনামলে নানা সময়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে কথা বলে মুসলিম এবং গরিব দেশগুলোর কাছে নায়োকোচিত ভাবমূর্তি গড়ে তোলেন তিনি, যদিও পশ্চিমা সরকারগুলো 'স্বৈরশাসক' আখ্যা দিয়ে সব সময়ই তাকে উৎখাতে সচেষ্ট ছিল। তাদের সেই চেষ্টা সাফল্য পেতে শুরু করে গত বছরের শেষ দিকে, গণতন্ত্রের দাবিতে আরবে গণজাগরণের মধ্য দিয়ে।
প্রবল গণবিক্ষোভের মুখে গত ১৪ জানুয়ারি লিবিয়ার পাশের দেশ তিউনিসিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট জিনে আবেদিনে বেন আলী দেশ ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান। টানা ১৮ দিনের বিক্ষোভের মুখে ১১ ফেব্র"য়ারি ক্ষমতা থেকে সরে দাঁড়ান আরেক প্রতিবেশী দেশ মিশরের তিন দশকের শাসক হোসনি মোবারক।
ওই আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে পুরো আরব বিশ্বে। ১৫ ফেব্র"য়ারি লিবিয়ায় শুরু হয় সরকার পতনের আন্দোলন।
বিক্ষোভ দমাতে গাদ্দাফির অনুগত বাহিনীর সহিংসতায় ব্যাপক প্রাণহানির মুখে দেশটির নিরাপত্তা বাহিনীর একাংশ গাদ্দাফির পক্ষ ত্যাগ করে বিদ্রোহ করে। শুরু হয় গৃহযুদ্ধ।
গাদ্দাফির অনুগত বাহিনীর আক্রমণের মুখে বিদ্রোহী ও বেসামরিক মানুষের প্রাণহানির প্রেক্ষিতে ১৭ মার্চ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লিবিয়ায় 'উড্ডয়ন নিষিদ্ধ' এলাকা প্রতিষ্ঠা এবং বেসামরিক নাগরিক রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের একটি বিল পাস হয়।
নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে ১৯ মার্চ লিবিয়ায় প্রথম বিমান হামলা চালায় ফরাসি বাহিনী। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বেলজিয়াম, ইতালি, কানাডাসহ অনেকগুলো পশ্চিমা দেশ তাদের সঙ্গে যোগ দেয়। লিবিয়ার সামরিক স্থাপনায় চলতে থাকে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা। এক পর্যায়ে হামলার দায়িত্ব নেয় ন্যাটো বাহিনী।
এক দিকে ন্যাটোর বিমান হামলা অন্যদিকে স্থলপথে বিদ্রোহীদের আক্রমণ- এ দুইয়ের আঘাতে ধীরে ধীরে দুর্বল হতে থাকে গাদ্দাফির অনুগত বাহিনীর সামরিক ক্ষমতা। অবশেষে রোববার রাতে তাদের হঠিয়ে ত্রিপোলির রাস্তায় দখল নেয় বিদ্রোহী বাহিনী।
সোমবার শহরের ৮০ ভাগেরও বেশি এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বিদ্রোহীরা। রাজধানীর কেন্দ্রস্থলের 'গ্রিন স্কয়ার'সহ ত্রিপোলির অনেক এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে যায়। দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিক থেকে ত্রিপোলিতে প্রবেশের সময় হালকা প্রতিরোধের মুখে পড়লেও এক পর্যায়ে রাষ্ট্রীয় টেলিভিশনেরও দখল নেয় বিদ্রোহীরা।
বিদ্রোহীদের নিয়ন্ত্রণে 'গ্রিন স্কয়ার' তার আগের নাম 'শহীদ চত্বর' ফিরে পায়। সেখানে সমবেত জনতা গাদ্দাফির প্রতিকৃতি পদদলিত করে। লিবীয় সরকারের সবুজ পতাকা নামিয়ে বিদ্রোহীদের পতাকা ওড়ায় তারা।
লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির চার দশকের শাসনাবসানে বিদ্রোহী বাহিনী চূড়ান্ত বিজয়ের খুব কাছে পৌঁছে যাওয়ায় সোমবারই তাদের স্বাগত জানায় যুক্তরাষ্ট্রসহ অধিকাংশ পশ্চিমা দেশের নেতারা। তাদের বিচারে, এটা লিবিয়ার জনগণের গণতান্ত্রিক আকাঙ্খার বিজয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, "লিবিয়ার জনগণ দেখিয়ে দিয়েছে, আত্মমর্যাদা ও স্বাধীনতার জন্য সংগ্রাম একজন স্বৈরশাসকের লৌহদণ্ডের চেয়ে অনেক শক্তিশালী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/০৩১৭ ঘ.
bdnews24