২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের ডাক

লিবিয়ার সরকারবিরোধীরা বৃহস্পতিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। তবে এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনী দমনপীড়ন চালাতে পারে বলে আশঙ্কা করছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2011, 06:11 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ত্রিপোলি, ফেব্রুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার সরকারবিরোধীরা বৃহস্পতিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে। তবে এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনী দমনপীড়ন চালাতে পারে বলে আশঙ্কা করছে মানবাধিকার গোষ্ঠীগুলো। তিউনিসিয়া ও মিশরে সরকারবিরোধী আন্দোলনের সাফল্যে অনুপ্রেরণা নিয়ে লিবিয়ানরাও সরকারবিরোধী আন্দোলনের ডাক দিলো। ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মাধ্যমে 'বিক্ষোভের দিন' পালনের আহ্বান জানায় আন্দোলন সংগঠকরা। লিবিয়ার দুই বড় শহর বেনগাজি ও বেয়িদায় এক আইনজীবীকে গ্রেপ্তারের খবরে প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষও হয়। বুধবার দিনের শেষভাগে বেয়িদায় দুইজন নিহত হয়েছে বলে বিবিসি নিশ্চিত করেছে। এরআগে মঙ্গলবার রাতে দেশটির পূর্বাঞ্চলীয় বেনগাজি শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েক ডজন মানুষ আহত হয়। সরকারের কড়া সমালোচক হিসেবে খ্যাত আইনজীবী ফাতিহ তারবিলকে গ্রেপ্তারের খবরে ওই দুই শহরে বিক্ষোভ শুরু হয়। পরবর্তী সময়ে তারবিলকে ছেড়ে দেওয়া হয়। ১৯৯৬ সালে ত্রিপোলির আবু সালিম কারাগারে ১ হাজার বন্দি নিরাপত্তা বাহিনীর হাতে গণত্যার শিকার হয়। নিহত ওই ১ হাজার বন্দির পরিবারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন আইনজীবী তারবিল। বুধবার সন্ধ্যায় দেওয়া এক ভাষণে কর্নেল গাদ্দাফি বিক্ষোভ সম্পর্কে কিছু না বললেও, 'বিপ্লবীরা' জয়ী হবে বলে মন্তব্য করেন। গাদ্দাফি বলেন, "সর্বত্র শত্র"র পতন হোক, পুতুলদের পতন হোক।" তিনি আরো বলেন, "যুক্তরাষ্ট্রের পুতুল, ইহুদিবাদের পুতুলদের পতন ঘটছে।" বেনগাজির সহিংসতার পর এক বিবৃতিতে লিবিয়ার এক শীর্ষ কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, "কর্তৃপক্ষ একদল মানুষকে রাতের বেলায় একসাথে চলাচল করতে দেবে না। লিবিয়ার নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলা সহ্য করা হবে না।" লিবিয়ার নিষিদ্ধঘোষিত এক ইসলামি জঙ্গিগোষ্ঠীর শতাধিক সদস্যকে বুধবার আবু সালিম কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তবে তাদের মুক্তির সাথে বেনগাজির বিক্ষোভ-সংঘর্ষের কোনো যোগসূত্র রয়েছে কি না এ বিষয়টি নিশ্চিত নয়। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) 'মানুষের মত প্রকাশের স্বাধীনতা' দেওয়ার জন্য লিবিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। ইইউ-এর মুখপাত্র ব্যারোনেস অস্টন বলেন, "সব ধরনের সংঘর্ষ এড়াতে সহিষ্ণুতা প্রদর্শনেরও আহ্বান জানাচ্ছি আমরা।" কর্নেল গাদ্দাফি আরববিশ্বের নেতাদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন। তেল সমৃদ্ধ লিবিয়ায় ১৯৬৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন গাদ্দাফি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১০ ঘ.