২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় হামলা শুরু

লিবিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ফরাসি যুদ্ধবিমান। ন্যাটোভুক্ত দেশগুলোসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এ হামলায় অংশ নিতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবিয়ায় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ফরাসি যুদ্ধবিমান। ন্যাটোভুক্ত দেশগুলোসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ এ হামলায় অংশ নিতে পারে। জাতিসংঘ ঘোষিত বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকায় শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার পর ওই হামলা চালানো হয়। একটি সামরিক যানে বিমান থেকে হামলা চালানো হয় বলে বিবিসিকে জানায় ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল জাজিরা টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, প্রথম দফায় চারটি ট্যাংকে হামলা চালায় ফরাসি যুদ্ধবিমান। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়াটর্সকে বলেন, লিবিয়ায় শনিবারের অভিযানে প্রায় ২০টি ফরাসি যুদ্ধবিমান অংশ নেয়। লিবিয়ার শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে মোকাবেলায় প্যারিসে পশ্চিমা ও আরব বিশ্বের নেতাদের বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই এ হামলা চালানো হলো। লিবিয়ার চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের দাবিতে ২৩ ফেব্র"য়ারি বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতার প্রতিবাদে বিভিন্ন দেশে লিবিয়ার কূটনীতিকরা পদত্যাগ করেন। একই সঙ্গে বিক্ষোভে যোগ দেয় দেশের নিরাপত্তা বাহিনীর বড় একটি অংশ। নিরাপত্তা বাহিনীকে বেশ কয়েকটি শহরের দখল নেয় তারা। পরবর্তীতে লিবিয়ার নিরপত্তা বাহিনীর সুসংগঠিত হামলার মুখে টিকতে না পেরে অনেকগুলো শহর থেকে পিছু হটে বিদ্রোহী বাহিনী। তবে বিক্ষোভকারী ও বিদ্রোহীদের মূল ঘাঁটি দেশটির পূর্বাঞ্চলে এখনো তাদের নিয়ন্ত্রণ রয়েছে। পূর্বাঞ্চলীয় শহর বেনগাজি হয়েছে বিদ্রোহীদের কার্যক্রম পরিচালনার প্রধান ঘাঁটি। এর আগে ফ্রান্সের সামরিক বাহিনীর এক সূত্র জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণে লিবিয়ার পুরো সীমান্তে টহল দিয়েছে ফরাসি বিমান। ন্যাটোভুক্ত ২৮ দেশসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের বিমান ও নৌবাহিনী ফ্রান্সের সঙ্গে যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার বলেছেন, লিবিয়ার কাছে নৌবাহিনীও অবস্থান নিচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাকা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র তার 'অন্যান্য ক্ষমতা' প্রয়োগ করবে। অভিযানে দেরি হলে আরো অনেক বেসামরিক মানুষের প্রাণহানি ঘটবে বলেও সতর্ক করেন তিনি। তবে লিবিয়ায় যুক্তরাষ্ট্র পদাতিক বাহিনী নিয়োজিত করবে না বলে জানান তিনি। লিবিয়ায় হামলা চালানোর জন্য ইতালি তার সাতটি বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে। যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইতালির বিমানবাহিনী ইতোমধ্যেই সেখানে অবস্থান নিয়েছে। দুটি আরব দেশও লিবিয়ায় অভিযানে অংশ নেবে বলে জানিয়েছে সিএনএন। কানাডা শনিবার ইতালিতে যুদ্ধবিমান পাঠিয়েছে। তবে কোনো অভিযানে অংশ নেওয়ার জন্য আরো দুই দিন লাগবে বলে জানিয়েছে কানাডা কর্তৃপক্ষ। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বলেছেন, 'খুনি উন্মাদ' গাদ্দাফিকে থামাতে আন্তর্জাতিক স¤প্রদায় লিবিয়ায় অভিযান চালাচ্ছে। "লিবিয়ার জনতা যারা কেবল নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার পেতে চাইছে তারা মৃত্যুর হুমকির মুখে রয়েছে। তাদের ডাকে সাড়া দেওয়া আমাদের দায়িত্ব। লিবিয়ার বিদ্রোহীদের নেতা এর আগে গাদ্দাফি অনুগত বাহিনীর বোমা হামলা বন্ধের জন্য ব্যবস্থা নিতে আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহ্বান জানান। ওদিকে, বেনগাজি ছেড়ে পালাতে শুরু করেছে হাজার হাজার মানুষ। জাতিসংঘ শরণার্থী সংস্থা বলেছে, বেনগাজি থেকে শত শত গাড়িতে মানুষ মিশর সীমান্তের দিকে আসতে শুরু করেছে বলে খবর প্রকাশ হওয়ায় দুই লাখ মানুষের জন্য আশ্রয় শিবির খোলা হচ্ছে। অনেকে পায়ে হেটে পালাচ্ছে বলে খবর প্রকাশ হয়েছে। শুক্রবার লিবিয়া অস্ত্রবিরতির ঘোষণা দেওয়ার পরেও বিদ্রোহী বাহিনীর দখলে থাকা বেনগাজিতে শনিবার অভিযান চালায় লিবিয়ার নিরাপত্তা বাহিনী। বিদ্রোহী বাহিনীর মুখপাত্র খালিদ আল-সালেহ রয়টার্সকে বলেন, পশ্চিম দিক থেকে তারা বেনগাজিতে ঢুকেছে। পশ্চিমা শক্তিগুলো কোথায়? তারা তো বলেছিলো, কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালানো হবে। 'এটা অন্যায়, পুরোপুরি আগ্রাসন' বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লিবিয়ায় উড্ডয়ন-নিষিদ্ধ এলাা ঘোষণা ও বেসামরিক নাগরিকদের রক্ষায় সামরিক অভিযানের প্রস্তাব অনুমোদন হওয়ার পর শুক্রবার অস্ত্রবিরতির ঘোষণা দেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কোউসা। গাদ্দাফি বলেছেন, পশ্চিমা শক্তিগুলোর লিবিয়ায় হস্তক্ষেপের কোনো অধিকার নেই। ফ্রান্স, ব্রিটেন ও জাতিসংঘে পাঠানো এক চিঠিতে গাদ্দাফির বরাত দিয়ে লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম জানান, এটা অন্যায়, এটা পুরোপুরি আগ্রাসন। "আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করলে পরবর্তীতে আপনারা অনুতপ্ত হবেন।" বেনগাজির আশপাশে বিদ্রোহী বাহিনী অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করছে সরকার। এক প্রত্যক্ষদর্শী জানান, বেনগাজিতে একটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে এবং বিদ্রোহী বাহিনীর সদর দপ্তরের কাছে অন্তত একটি বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। রয়টার্সের বেনগাজি প্রতিনিধি আঙ্গুস ম্যাকসোয়ান বলেন, আমি বিমানটিকে চক্কর দিতে দেখছিলাম। সেটা হামলার লক্ষ্যস্থলের দিকে এগোচ্ছিলো। এমন সময় বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটি নিচে নামে এবং সেটি থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে। বিমানটি বেনগাজির সেনা ঘাঁটিতে হামলা চালাতে গিয়েছিলো বলে মনে হচ্ছিলো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/০০৪২ ঘ.