কাঠমান্ডু, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে নেপালের একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও নবনির্বাচিত পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সম্ভাব্য জোট সরকারের নেতৃত্ব নিতে চ্যালেঞ্জের মুখে পড়েছে মাওবাদীরা। সরকার ও রাষ্ট্রপ্রধানের পদসহ মন্ত্রিসভার নেতৃস্থানীয় পদগুলোকে মাওবাদীরা তাদের দখলে রাখতে চাইলেও নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অব নেপাল জোট সরকারে তাদের একক আধিপত্য মেনে নিতে নারাজ।
কিন্তু শাসন ক্ষমতায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না হলে নেপালে আবারও একটি 'জনবিপ্লবের' হুমকি দিয়েছে মাওবাদীরা। এ পরিস্থিতিতে নেপালে আবারও রাজনৈতিক অস্থিতিশীলতা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
সদ্য সমাপ্ত বিশেষ পার্লামেন্ট বা ৬০১ আসনের 'গণপরিষদ' নির্বাচনে মাওবাদীরা এককভাবে ২২০ আসনে জয়ী হয়। কিন্তু নির্বাচনে বিজয়ী দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম দল যথাক্রমে নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি অফ নেপাল যৌথভাবে মাওবাদীদের চেয়ে সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ায় ক্ষমতায় ভারসাম্যের এ নতুন সংকট সৃষ্টি হয়েছে দেশটিতে।
রাজতন্ত্রের অবসান এবং নেপালকে একটি বৈষম্যহীন আধুনিক প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সংগ্রামে সবচেয়ে বৈপ্লবিক দল হিসেবে মাওবাদীদের প্রতি বিপুল জনসমর্থনের বিষয়টি নির্বাচনী ফলাফলের মধ্য দিয়ে অনেকটাই স্পষ্ট হয়ে উঠলেও গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠনের প্রক্রিয়ায় তাদের অর্জন অপ্রতুল।
এ অবস্থায় দেশটিতে সত্যিকারের গণতান্ত্রিক পরিবর্তনের লক্ষ্যে একটি কার্যকর জোট সরকার গঠনের বিষয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সঙ্গে মাওবাদীদের সমঝোতা। কিন্তু ক্ষমতায় মাওবাদীদের একক আধিপত্যের দাবিতে ইতিমধ্যেই বিগড়ে গেছে অন্য দলগুলো।
নেপালের একটি জাতীয় দৈনিকের সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক যুবরাজ ঘিমিরি এ প্রসঙ্গে বলেন, " মাওবাদীদের জন্য প্রথম চ্যালেঞ্জ হল তাদের আচরণের মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশের বিষয়টি আইনসিদ্ধ করা।"
তিনি বলেন, "অন্য রাজনৈতিক দলগুলো ভীত হয়ে পড়ছে এবং সন্দেহ পোষণ করছে। প্রথম কাজ হল তাদের আস্থা অর্জন করা।"
অন্য দলগুলো চাইছে সরকার গঠনের আগেই মাওবাদীরা তাদের বিদ্রোহী সেনাদল এবং যুব শাখা ভেঙে দিক। একইসঙ্গে সাংবিধানিক পদ্ধতিতে সহজে সরকার প্রধানের অপসারণের বিধানসহ ক্ষমতা ভারসাম্যপূর্ণ একটি সরকার গঠনের বিষয়ে জোর দিচ্ছেন তারা।
কাঠমান্ডু পোস্ট পত্রিকার অমিত ধাকাল বলেন, "মাওবাদীদের এমন আচরণ করা উচিৎ নয় যে তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে।"
তিনি বলেন, "এককভাবে বড় দল হলেও তারা পার্লামেন্টে তারা সংখ্যালঘু। তাই ক্ষমতা ভাগাভাগির বিষয়ে প্রস্তুত থাকা উচিৎ তাদের।"
দলীয় প্রধান প্রচন্ডকে দেশের প্রথম প্রেসিডেন্ট হিসেবে চাইছেন মাওবাদীরা। অন্যদের দাবি, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হতে হবে বাকী দলগুলোর ভেতর থেকে। নেপালি কংগ্রেস অবশ্য এমন কথাও বলেছে যে, সরকার পরিবর্তনেরই কোনো প্রয়োজন নেই।
নেপালি কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা মান বাহাদুর বিশ্বকর্মা বলেছেন, "কেন সরকার পরিবর্তন করতে হবে ?"
তিনি বলেন, " প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য নন। এমনকি মাওবাদীদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতাও নেই।"
বর্তমান সংবিধান অনুসারে পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়া বর্তমান প্রধানমন্ত্রীকে পরিবর্তন করতে পারবে না মাওবাদীরা।
কিন্তু মাওবাদীরা বলছেন, জনতার রায়কে ভুলুন্ঠিত করতে চাইছে অপর দলগুলো।
মাওবাদীদের অন্যতম শীর্ষ নেতা রাম বাহাদুর থাপা বলেছেন, "জনগণের রায় আমাদের পক্ষে। আমাদের যদি আটকানো হয় তাহলে জনগণ আবারও বিদ্রোহ করবে এবং নতুন রায় দেবে।"
বিশ্লেষকরা বলছেন, নেপালিরা যে দেশে পরিবর্তন চাইছেন এবং এক্ষেত্রে মাওবাদীরাই যে তাদের প্রথম পছন্দ তার স্পষ্ট প্রমাণ রয়েছে।
অমিত ধাকাল বলেন, "জনগণ, বিশেষত দরিদ্র, বঞ্চিত ও প্রান্তিক মানুষরা যখন ভোট দিয়েছেন তাদের মনে তখন সংবিধান ছিল না, তাদের মনে ছিল পরিবর্তনের আকাঙ্খা।"
তিনি বলেন, "তারা এ আশায় ভোট দিয়েছিল যে, মাওবাদীরা তাদের জীবনে সত্যিকারের অর্থবহ পরিবর্তন নিয়ে আসবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৫৫ ঘ.
bdnews24