বাগদাদ, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের শিয়া মুসলমানদের নেতৃত্বাধীন সরকারে পুনরায় যোগ দেওয়া নিয়ে দেশটির সুন্নি আরবদের মধ্যে মতভেদ দেখা দিয়েছে। দেশটির প্রধান সুন্নি আরব ব্লক "দ্য অ্যাকর্ডেন্স ফ্রন্ট" এর নেতা শনিবার জানিয়েছেন, তারা পুনরায় সরকারে যোগ দিতে সম্মত হয়েছেন। তবে ব্লকের অন্যান্য শীর্ষ নেতারা জানিয়েছেন, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
অ্যাকর্ডেন্স ফ্রন্টের প্রধান আদনান আল-দুলাইমি রয়টার্সকে বলেন, "তারা পুনরায় সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের সঙ্গে আলাপ-আলোচনার ফলাফল ইতিবাচক।"
তবে ফ্রন্টটির মুখপাত্র ও প্রভাবশালী আইনপ্রণেতা সালিম আল জুবৌরি বলেছেন, "এ খবর সত্য নয়। আলাপ-আলোচনা চলছে। আলোচনায় উন্নতি হয়েছে। তবে কিছু বিষয়ের সুরাহার জন্য আমরা অপেক্ষায় আছি।"
ব্লকটির আরেক প্রভাবশালী নেতাও জানিয়েছেন, এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
গত আগস্ট মাসে ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির সরকার থেকে ফ্রন্টটি তাদের ছয়জন মন্ত্রীকে প্রত্যাহার করে নেয়। ওই ঘটনার পর থেকে সঙ্কটের মধ্যে রয়েছে ইরাক সরকার।
সরকার, সেনাবাহিনী ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আরও বেশি প্রতিনিধিত্বের দাবি জানিয়ে আসছে ব্লকটি ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১৭২১ ঘ.
bdnews24