সিউল, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রক্ষণশীল প্রেসিডেন্ট লি মাইয়ুং-বাক এর কট্টর নীতির কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। কমিউনিস্ট পার্টির পত্রিকায় এক মন্তব্য প্রতিবেদনে বৃহস্পতিবার উত্তর কোরিয়া এ হুমকি দেয়।
যুক্তরাষ্ট্রের 'সন্ত্রাসে মদদদাতা' রাষ্ট্রের কালো তালিকা থেকে উত্তর কোরিয়ার নাম প্রত্যাহার এবং পুনরায় পরমাণু নিরস্ত্রীকরণ শুরু ও আইএইএ পর্যবেক্ষকদের পরমাণু কর্মসূচি পরিদর্শনে সম্মতি দেওয়ার পরপরই এ হুমকি দিল উত্তর কোরিয়া।
সরকারি নিয়ন্ত্রণাধীন ওই পত্রিকাটিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মাইয়ুং-বাক'কে ইঙ্গিত করে বলা হয়, "বারবার হুঁশিয়ার করা সত্ত্বেও বিশ্বাসঘতকের দল ডিপিআিরকে'র (উত্তর কোরিয়া) সঙ্গে লাগামহীন বিরোধ চালিয়ে গেলে এবং আমাদের দেশের মর্যাদাহানির চেষ্টা করতে থাকলে আমরা তাদের সঙ্গে সব সম্পর্ক পুরোপুরি ছিন্ন করাসহ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হব।"
উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের ছয়জাতি চুক্তিতে ফিরে আসা এবং যুক্তরাষ্ট্রের কালো তালিকা থেকে নাম মুছে ফেলার মধ্য দিয়ে এখন আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক সহযোগিতা গ্রহণের সুযোগ উন্মুক্ত হয়েছে দেশটির জন্য।
উত্তর কোরিয়ার এমন হুমকি সম্পর্কে 'ডংগুক ইউনিভার্সিটি'র অধ্যাপক কোহ ইউ-হুয়ান বলেন, "উত্তর কোরিয়া বলছে যে, দক্ষিণ কোরিয়া তার নীতি পরিবর্তন করে আরও সহযোগিতামূল নীতি গ্রহণ না করলে তারা ছয়জাতি পরমাণু আলোচনা থেকে দক্ষিণ কোরিয়াকে বাইরে ঠেলে দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭২০ ঘ.
bdnews24