সুবাসিত পোশাকে জনসাধারণকে কাছে টানবে গুজরাটি পুলিশ
ভারতের গুজরাট রাজ্য সরকারের ধারণা, পুলিশের সঙ্গে মেলামেশায় জনসাধারণের অনাগ্রহের অন্যতম কারণ হলো পুলিশের ক্লান্ত বিধ্বস্ত চেহারা, ঘামে ভেজা স্যাতস্যাতে অনাধুনিক পোশাক। তাই পুলিশের ভাবমূর্তি বদলানোর উদ্যোগ নিচ্ছে সরকার। দেখুন যঃঃঢ়://সবফরধ.নফহবংি২৪.পড়স
পুলিশের ভাবমূর্তি বদলাতে গুজরাট রাজ্য সরকার প্রথমেই যে উদ্যোগ নিচ্ছে তা হলো পোশাক সংক্রান্ত। বদলে যাবে তাদের পোশাক, বদলে যাবে ভাবমূর্তি- এমনটাই চাইছে সরকার।
শুধু তাই নয়, গুজরাটি পুলিশদের নতুন এই পোশাক হবে সুগন্ধীযুক্ত। এগুলো হবে ফুলের সুবাস আর লেবুর গন্ধ মাখা।
সরকারের অভিনব এই উদ্যোগ প্রসঙ্গে আহমেদাবাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইনের শিল্পী সোমেশ সিং বলেন, “কোনো ঝুট ঝামেলা হাঙ্গামা সামলে আসার পর বেশিরভাগ পুলিশের চেহারাই বিধ্বস্ত দেখায়। ঘামে ভেজা তেমন কোনো পুলিশ সদস্যের সঙ্গে কথা বলতে কারও আগ্রহ না হওয়ারই কথা। কিন্তু তাদের শরীর যদি সুবাসিত হয় তাহলে হয়তো এ অবস্থা পাল্টে যেতে পারে।”
রাজ্য সরকারের অনুরোধে পুলিশের নতুন পোশাক ডিজাইন করছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন। নতুন এ পোশাক তৈরি হবে ফুলের আর লেবুর সুবাস মাখা কাপড় দিয়ে। উন্নত প্রযুক্ততে তৈরি ওই কাপড় শুধু সুবাসিতই নয়, এক ধরনের চকচকে রঙের ছাপা থাকবে তাতে। ফাইবার অপটিক প্রযুক্তি ব্যবহার করায় রাতের বেলাতেও ওই পোশাক দেখে সনাক্ত করা যাবে পুলিশ সদস্যদের।
আগামী কয়েক মাসের মধ্যেই গুজরাটের তিন লাখ পুলিশের গায়ে চড়বে নতুন এই পোশাক। এ পোশাক নিয়ে পুলিশের মধ্যেও দারুণ আগ্রহ দেখা গেছে। একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা বলেন, “দশকের পর দশক ধরে খাকি রঙের সুতি পোশাক, মোটা বেল্ট আর প্লাস্টিকের ব্যাজ লাগিয়ে ক্লান্ত হয়ে গেছি আমরা।”
নতুন পোশাকে যদি ভিড়ের মাঝেও আলাদা করে নজর কাড়ে পুলিশের পোশাক, রোদে গরমে দাঁড়িয়ে থেকেও পোশাকের সুবাসে যদি কিছুটা স্বস্তি পাওয়া যায়, আর এসবকিছুর সঙ্গে যদি পুলিশের গাম্ভীর্য বজায় থাকে তাহলে সব পুলিশই এ পোশাক পরতে চাইবে।
