২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোগাদিসুতে আফ্রিকান ইউনিয়নের প্রথম শান্তিরক্ষী দল

আফ্রিকান ইউনিয়নের (এইউ) শান্তিরক্ষী বাহিনীর প্রথম দলটি সোমালিয়ার এসে পৌঁছেছে। মঙ্গলবার উগান্ডার ওই সেনাদলটি মোগাদিসু পৌঁছায়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2007, 04:32 PM

Updated : 26 Apr 2022, 02:06 PM

ষোল সেনা সদস্য এবং তিনটি সাজোঁয়া যান নিয়ে মোগাদিসুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রাশিয়ার কার্গো বিমান আন্তোনভ। তাদের স্বাগত জানান দেশটির অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা। এসময় বিমানবন্দর ঘিরে কঠোর নিরাপত্তা বেষ্টনি তৈরি করা হয়।

সোমালিয়ায় এইউর বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আলী ফাউম রয়টার্সকে জানিয়েছেন, উগান্ডা থেকে সেনা নিয়ে আরও দুটো বিমান মঙ্গলবার মোগাদিসু পৌঁছাবে। এছাড়া এইউর শান্তিরক্ষী বাহিনীতে যোগ দিতে নাইজেরিয়া, ঘানা, মালাবি ও বুরুন্ডি শিগগিরই তাদের সেনা পাঠাবে।

সংঘাত কবলিত সোমালিয়ায় মোট আট হাজার শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে এইউর। এসব সেনা শান্তিশৃঙ্খলা রক্ষায় বর্তমানে নিয়োজিত ইথিওপীয় সেনাবাহিনীর স্থলাভিষিক্ত হবে বলে জানা গেছে।

তিন মাস আগে ইথিওপিয়ার সহযোগিতায় ‘ইউনিয়ন অব ইসলামিক কোর্টস’কে মোগাদিসু থেকে হটিয়ে নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করে আবদুল্লাহ ইউসুফের সরকার। ২০০৬ সালের মাঝামাঝিতে ইসলামিক কোর্টস অন্তর্বর্তী সরকারের কাছ থেকে রাজধানী মোগাদিসু দখল করে নিয়েছিল।