আরও অন্ধকার মুহূর্তের মুখোমুখি ইরাক: জ্যাক স্ট্র
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র ইরাকে ‘আরও অন্ধকার মুহূর্তের’ সতর্কতা দিয়ে বলেছেন, স্থিতিশীল রাষ্ট্র গঠনে ব্রিটিশ সেনারা ইরাকের নির্বাচিত প্রতিনিধিদের সাহায্য করতে সেদেশে অবস্থান করবে।
জ্যাক স্ট্র বলেন, নির্বচিত ইরাকি সরকারকে একটি স্থিতিশীল ও নিরাপদ রাষ্ট্র গঠনে সহায়তা দিতেই আমরা ইরাকে আছি। আর শুধুমাত্র তাদের সম্মতির ভিত্তিতেই আমরা সেখানে থাকব।
ব্রিটেনে অনুষ্ঠিত লেবার পার্টির বার্ষিক সম্মেলনে স্ট্র রক্ষা করার দায়িত্বকে ব্রিটিশ পররাষ্ট্রনীতির কেন্দ্রে স্থাপনের অঙ্গীকার ব্যক্ত করেন। এ ধরনের একটি নীতি রুয়ান্ডা এবং স্রেব্রেনিতসায় অনেক জীবন রক্ষা করতে পারত বলে তিনি উল্লেখ করেন।
কিন্তু জ্যাক স্ট্রর ইরাক বিষয়ক এ বক্তব্যের বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন কিছু প্রতিনিধি। বক্তব্যদানের সময় ‘ননসেন্স’ বলে চিৎকার করে উঠলে ৮২ বছর বয়স্ক প্রতিনিধি ওয়ালটার ওলফগ্যাঙকে নিরাপত্তা কর্মীরা বহিষ্কার করে। কিন্তু হল ত্যাগ করে বেরিয়ে যাবার সময় পুলিশ সন্ত্রাস নিয়ন্ত্রণ আইনের আওতায় বয়স্ক ওই প্রতিবাদকারীকে গ্রেফতার করে।
