২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাটা স্টিলের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ

খনি ইজারা সংক্রান্ত নিয়ম ভঙ্গ করায় ঝাড়খন্ডে টাটা স্টিল-এর ইজারার একটি অংশ বাতিল হয়ে যাবার জোর সম্ভাবনা দেখা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2005, 01:55 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

চাইবাসার জেলা খনি কর্তৃপক্ষ রবিবার খনি ও ভূতত্ত্ব বিভাগের সচিবকে এক চিঠির মাধ্যমে টাটা স্টিলের অনিয়ম ও দুর্নীতির কথা জানান।

চিঠিতে উল্লেখ করা হয়, এ বছরের মার্চে টাটা তার ইজারাকৃত নোয়ামুন্ডি থেকে শতকরা ৫৫ শতাংশ আকরিক লোহা  বিক্রি করে চুক্তি ভঙ্গ করেছে। প্রতিষ্ঠানটির মার্চের আয়ের নথিপত্র ঘেঁটে এ তথ্য বের করা হয়েছে। সরকারের অনুমতি ছাড়াই তারা এগুলো বিক্রি করেছে বলে অভিযোগ করা হয়।

চাইবাসা খনি কর্তৃপক্ষ অবশ্য চিঠিতে ১৯৫৭ সালের মাইনস অ্যান্ড মিনারেলস ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্টের সেকশন ৪এ অনুযায়ী টাটা স্টিলকে প্রতিক্রিয়া ব্যক্ত করার সুযোগ দেয়ার কথাও বলেছেন। এ ব্যাপারে তিনি যুক্তি দেখান যে, টাটা স্টিলের অধিকৃত সম্পদের চেয়ে খনিতে সংরক্ষিত সম্পদের পরিমাণ বেশি। তবে টাটাকে এ প্রকল্প থেকে বাদ দিয়ে নতুন করে দরপত্র আহ্বান করার কথা বলা হয় পেশকৃত চিঠিতে।

এদিকে টাটা স্টিল কর্তৃপক্ষ আকরিক লোহা বিক্রির কথা স্বীকার করলেও ভবিষ্যতে খোলা বাজারে তা বিক্রি কমিয়ে আনার কথা বলেছে।

খনি শিল্প বিশেষজ্ঞরা বলেন, টাটার মত আরও অনেক স্টিল প্রতিষ্ঠান আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য প্রয়োজনের অতিরিক্ত আকরিক লোহা উত্তোলন করে খোলা বাজারে বিক্রি করে নীতি ভঙ্গ করছে। নিয়মানুসারে, অধিকৃত খনি থেকে উত্তোলিত সম্পদ খোলা বাজারে বিক্রি করা যাবে না।