বসনিয়ায় আত্মঘাতী বোমা হামলার চেষ্টা, আটক ৩
বসনিয়া থেকে আত্মঘাতী বোমা হামলা পরিকল্পনাকারী সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দু’জনকে গ্রেপ্তারের পর নিরাপত্তা কর্মীরা বসনিয়ায় অবস্থিত বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সারায়েভোতে ওই দুই ব্যক্তির বিচার হচ্ছে বলে জানা গেছে। তাদেরকে সারায়েভোর একটি কারাগারে আটক রাখা হয়েছে।
বলা হচ্ছে, তাদের কাছ থেকে পাওয়া ভিডিওতে একজনের ইসলামী দোয়া পড়ার দৃশ্য রয়েছে, যা তার মৃত্যুর পর প্রকাশিত হওয়ার কথা ছিল।
তাদেরকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হলেও বিস্তারিত সংবাদ সম্প্রতি জানানো হয়েছে।
ওই দুই ব্যক্তির সুইডেন ও তুর্কির নাগরিকত্ব থাকলেও তারা সাবেক যুগোশ্লাভিয়ার বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে।
তদন্তের সাথে জড়িত ঘনিষ্ঠ একটি জানায়, গ্রেপ্তারের সময় তারা বিস্ফোরক বহন করছিল। তাদের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্রসহ অন্যান্য সামরিক সরঞ্জামাদি পাওয়া গেছে।
তবে তারা কাদের উদ্দেশ্যে বোমা হামলা করতে চেয়েছিল, সে ব্যাপারে কিছু জানা যায়নি।
বসনিয়ায় ইউরোপিয়ান ইউনিয়নের সাত হাজার শান্তিকর্মী ছাড়াও আন্তর্জাতিক দাতা সংস্থার অসংখ্য কর্মী অবস্থান করছে।
সন্ত্রাস বিরোধী আইনের অধীনে তৃতীয় এক ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে ইসলামী উগ্রপন্থীরা বসনিয়াকে তাদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে এমন সন্দেহ করা হলেও এ ব্যাপারে কোন প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
