বিরোধপূর্ণ কুরিল দ্বীপপুঞ্জে রাশিয়ার মহড়া
কুরিল দ্বীপপুঞ্জে জাপানের দাবি করা কয়েকটি দ্বীপে রাশিয়া সামরিক মহড়া চালাচ্ছে বলে জানিয়েছে জাপানি গণমাধ্যম।
ইউক্রেইনে রুশ হামলার প্রতিক্রিয়ায় জাপানের দেওয়া নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ মস্কো টোকিওর সঙ্গে শান্তি আলোচনা থেকে সরে আসার কয়েকদিন পর এ মহড়া চলার খবর এলো।
শুক্রবার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সও রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক জেলার বরাত দিয়ে কুরিলে মহড়ার খবর নিশ্চিত করেছে।
তবে কুরিলের কোথায় এ মহড়া হচ্ছে তা তারা বলেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এবারের মহড়ায় তিন হাজারের বেশি রুশ সৈন্য ও কয়েকশ সেনা সরঞ্জাম নিয়ে অংশ নিচ্ছে, জানিয়েছে রাশিয়া।
কুরিল দ্বীপপুঞ্জের চারটি দ্বীপের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই বিরোধ চলে আসছে। এ দ্বীপগুলোর কারণে দুই দেশের মধ্যে বিশ্বযুদ্ধ পরবর্তী কোনো শান্তি চুক্তিও হয়নি।
কুরিলে রুশ মহড়ার খবরে তাৎক্ষণিকভাবে জাপানি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
ইউক্রেইনে রাশিয়ার এক মাসের বেশি সময় ধরে চলা অভিযানের প্রতিক্রিয়ায় পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছে; ওই দেশগুলোর সঙ্গে সুর মিলিয়ে জাপানও রুশ নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
এতে ক্ষুব্ধ মস্কো জাপানের সঙ্গে শান্তি আলোচনা থেকে সরে আসে এবং কুরিল দ্বীপপুঞ্জকে ঘিরে যৌথ অর্থনৈতিক প্রকল্পও স্থগিত ঘোষণা করে।
এবারের মহড়ায় সৈন্যবাহী প্রতিরক্ষা বিমান ধ্বংসসহ উভচর যুদ্ধ প্রতিহত এবং ট্যাংকবিধ্বংসী গাইডেড ক্ষেপণাস্ত্রের ফায়ার কন্ট্রোল সিস্টেম পরিচালনার দক্ষতা পরীক্ষা করা হচ্ছে, জানিয়েছে ইন্টারফ্যাক্স।
