ইউক্রেইন সংকট: সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্সের পরিকল্পনায় রোমানিয়া
ইউক্রেইনের সীমান্তে রাশিয়ার সেনা সমাবেশ নিয়ে উত্তেজনার মধ্যে ভবিষ্যত নেটো মিশনের অংশ হিসেবে রোমানিয়ায় সৈন্য পাঠানোর পরিকল্পনা গোছাচ্ছে ফ্রান্স।
রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকা কৃষ্ণ সাগরের দেশটিকে ‘সহযোগিতার’ বিষয়ে ফ্রান্স আবারও আশ্বস্ত করেছে।
ইউক্রেইন সীমান্তের কাছে রাশিয়া কয়েক হাজার সেনা মোতায়েন করার পর থেকে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা বলে আসছে রোমানিয়া। ইউক্রেইনের সঙ্গে ৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে তাদের। রুশ সেনা মোতায়েনের ফলে সংঘাত বাঁধলে তা ছড়িয়ে পারতে পারে রোমানিয়াতেও।
এরইমধ্যে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের ‘হুমকির’ কথা জানিয়ে ইউরোপে বাড়তি সেনা পাঠাতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বুধবার ওয়াশিংটন জানিয়েছে, নেটোর পূর্ব ইউরোপীয় মিত্রদের শক্তিশালী করতে পোল্যান্ড এবং রোমানিয়ায় প্রায় ৩ হাজার অতিরিক্ত সৈন্য পাঠাবে তারা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটি থেকে দুই হাজার সেনা পাঠানো হবে পোল্যান্ড এবং জার্মানিতে। তাছাড়া, জার্মানিতে থাকা আরও এক হাজার সেনা যাবে রোমানিয়ায়।
তবে যুক্তরাষ্ট্র যেসব সেনা মোতায়েন করছে, তারা ইউক্রেইনে যুদ্ধ করবে না, বরং মার্কিন মিত্রদের সুরক্ষা নিশ্চিত করবে বলে বুধবার জানিয়েছেন পেণ্টাগনের মুখপাত্র জন কিরবি।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রোমানিয়ার রাজধানী বুখারেস্টে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করতে পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং এস্তোনিয়াসহ পূর্ব ইউরোপ এবং বাল্টিক অঞ্চলের নয় মন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন।
রোমানিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগদানের ১৫ বছর পূর্তি উপলক্ষে বুধবার দেশটির পার্লামেন্টে লে ড্রিয়ান বলেন, “রাশিয়া অস্থিতিশীল শক্তির পথ বেছে নেওয়ার পর প্যারিস তার সংহতি দেখাতে ইউরোপীয় ইউনিয়নের ঐক্যের ওপর জোর দিতে চায়।”
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভ লে দ্রিয়ান বলেন, “আপনার সীমান্তে যখন নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে তখন আপনার পাশে দাঁড়াতে পেরে গর্বিত, যা আমাদেরও সীমান্ত।”
রোমানিয়া ২০০৪ সাল থেকে নেটোর সদস্য। সেখানে নেটোর বহুজাতিক স্থল বাহিনীর চার হাজার সৈন্য রয়েছে। রোমানিয়া এবং বুলগেরিয়ায় সেনাঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের।
ফরাসি কর্মকর্তারা বলেছেন, তাদের উদ্দেশ্য হবে বাল্টিক অঞ্চলের দেশগুলোর মত স্থল, সমুদ্র এবং সামুদ্রিক সম্পদের সমন্বয় করে একটি মিশন তৈরি করা। এতে বিভিন্ন দেশ থেকে প্রায় ১ হাজার সৈন্য থাকবে।
ফেব্রুয়ারির মাঝামাঝি নেটো প্রতিরক্ষা মন্ত্রীদের পরবর্তী বৈঠকে মিশনের রূপরেখা নিয়ে আলোচনা করা হবে। তখন একটি রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে, তবে বাহিনী মোতায়েনে কিছুটা সময় লাগবে।
