ইউক্রেইন ঘিরে রাশিয়ার তৎপরতা ধরা পড়ল নতুন স্যাটেলাইট ছবিতে
ইউক্রেইন ঘিরে রাশিয়ার ক্রমেই সামরিক শক্তি বৃদ্ধির আরও প্রমাণ উঠে এসছে নতুন স্যাটেলাইট ছবিতে। দেখা গেছে, ইউক্রেইনের আশেপাশে সামরিক যানের মতো সরঞ্জাম এবং সশস্ত্র বাহিনী মোতায়েন হচ্ছে। বেলারুশ, ক্রিমিয়া এবং পশ্চিম রাশিয়ার বিভিন্ন স্থানে সামরিক উপস্থিতি আরও বাড়ছে।
সিএনএন জানায়, রাশিয়া বাহিনী গত দুই সপ্তাহে বেলারুশে গেছে। এ মাসে বড় ধরনের একটি প্রশিক্ষণ মহড়ার আগে দিয়ে এই সেনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়া এবং বেলারুশের প্রতিরক্ষামন্ত্রণালয়।
স্যাটেলাইট ছবি সংগ্রহ এবং বিশ্লেষণ করেছে মাক্সার। একটি লিখিত নোটে মাক্সার বলেছে, রাশিয়ার এই তোড়জোড় তাদের তৎপরতা বেড়ে যাওয়া এবং সামরিক প্রস্তুতিকেই সামনে নিয়ে এসেছে।
মাক্সার ও অন্যান্য স্যাটেলাইট ছবি সরবরাহকারী প্রতিষ্ঠান বলেছে, তারা গত কয়েকমাস ধরে ইউক্রেইন সীমান্তের ১৫০ মাইলের মধ্যে রাশিয়ার সেনা ঘাঁটি এবং সামরিক প্রশিক্ষণের ক্ষেত্র আরও সম্প্রসারিত হতে দেখেছে। সীমান্তের কয়েক মাইলের মধ্যেও এমন কিছু সেনা উপস্থিতি রয়েছে।
মাক্সার বলছে, সর্বসাম্প্রতিক কয়েকটি ছবিতে রাশিয়ার সামরিক তৎপরতার নতুন অধ্যায় দেখতে পাওয়া গেছে। অথচ, আগে বেশিরভাগ সময়ই সামরিক স্থাপনার কাছে তেমন কোনও সেনা কিংবা সেনা কর্মকর্তাদের জন্য নতুন নিবাস দেখা যেত না।
এই পরিস্থিতি এখন বদলাতে শুরু করেছে। গত কয়েক সপ্তাহে বেলারুশে কয়েকটি সামরিক স্থাপনা দেখতে পাওয়া গেছে। সেইসঙ্গে বেলারুশ, ক্রিমিয়া এবং পশ্চিম রাশিয়ার প্রায় প্রতিটি সামরিক স্থাপনায় সেনা তাঁবু/সেনানিবাস দেখতে পাওয়া গেছে বলে জানিয়েছে মাক্সার। এ থেকে বোঝা যায়, ওই সামরিক ইউনিটগুলোতে এখন সেনা আছে এবং তাদের সামগ্রিক প্রস্তুতির মাত্রা বেড়েছে।
মাক্সার ক্রিমিয়ার নোভোজার্ন সামরিক ক্যাম্পের সেপ্টেম্বরে তোলা ছবির সঙ্গে জানুয়ারির শেষদিকে তোলা ছবির তুলনামূলক বিশ্লেষণ করেছে। এতে দেখা গেছে, সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একটি এলাকায় তাঁবু খাটানো হচ্ছে- এমনটিও দেখা গেছে।
এ থেকে সেখানে সেনাদের আশ্রয় দিতে প্রস্তুত থাকার আভাস পাওয়া যাচ্ছে। যদিও সেখানে এখনও সেনা পৌঁছেছে কিনা সে ব্যাপারে কোনও প্রমাণ পাওয়া যায়নি। এলাকাটির অবস্থান ক্রিমিয়ার সঙ্গে ইউক্রেইনের সীমান্ত থেকে প্রায় ৮০ মাইল দূরে।
স্যাটেলাইট ছবিতে রাশিয়ার সামরিক তৎপরতা এর আগেও ধরা পড়েছে। কিন্তু তা ছিল ইউক্রেইন সীমান্ত থেকে অনেক দূরের ঘাঁটিতে। কিন্তু গতবছর সেপ্টেম্বর এবং এ বছর ১ ফেব্রয়ারিতে তোলা ছবিগুলোতে রুশ সামরিক তৎপরতা চোখে পড়েছে ইউক্রেইন সীমান্তের অনেক কাছাকাছি অবস্থানে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহেই সতর্ক করে বলেছেন, রাশিয়া ফেব্রুয়ারিতেই ইউক্রেইনে আগ্রাসন চালাতে পারে। যুক্তরাজ্যে পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসও বলেছেন, পুতিন ইউক্রেইনে আক্রমণ করে বসার সম্ভাবনা খুবই বেশি।
গত ৩০ জানুয়ারিতে তিনি বিবিসি-কে বলেন, “আগ্রাসনের বাস্তব হুমকি বিরাজ করছে। কিন্তু আমরা জানিনা কী হতে চলেছে।” রাশিয়া বরাবরই ইউক্রেইনে তাদের হামলার পরিকল্পনা থাকার কথা অস্বীকার করে আসছে।
