২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনাবাহিনী শক্তিশালী করছে ইউক্রেইন, সহযোগিতা জোরদারে ইউরোপীয় নেতারা

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাবাহিনীকে শক্তিশালী করার পরিকল্পনা ঘোষণা করে বলেছেন, তিন বছরে এক লাখ সেনা বাড়ানো হবে এবং সেনা সদস্যদের বেতনও বাড়বে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Feb 2022, 11:12 PM

Updated : 28 Apr 2022, 11:34 PM

ওদিকে, রাশিয়ার সামরিক হস্তক্ষেপের আশঙ্কায় ইউক্রেইনের সঙ্গে সহযোগিতা জোরদারের কাজে নামতে শুরু করেছেন যুক্তরাজ্য, পোল্যান্ড ও ডাচ নেতারা।

ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কি আইনপ্রণেতাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, তিনি সশস্ত্র বাহিনীতে সেনা বাড়ানোর ডিক্রি জারি করেছেন শিগগিরই যুদ্ধ লেগে যেতে পারে বলে নয়, বরং যাতে দ্রুত এবং ভবিষ্যতে ইউক্রেইনে শান্তি বজায় থাকে সেজন্য।

তিনি আরও বলেন, “দেশের রাজনীতিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কেউ সরকার বিরোধী অবস্থানে থাকতে পারে। কিন্তু তাই বলে সে ইউক্রেইনের বিরোধী হতে পারে না। আপনি সরকার, প্রেসিডেন্টকে অবজ্ঞা করতে পারেন। কিন্তু নিজদেশের জনগণকে অবজ্ঞা করতে পারেন না, রাজনৈতিক সুবিধার জন্য আতঙ্ক ছড়াতে পারেন না।”

বিবিসি জানায়, ইউক্রেইনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে মঙ্গলবার কিয়েভে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জেলেনস্কির সঙ্গে বৈঠক করছেন তিনি।

ইউক্রেইনকে সহায়তা করতে জনসন সাহায্য হিসাবে ৮ কোটি ৮০ লাখ পাউন্ড দেবেন বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার। ইউক্রেইনে স্থিতিশীল শাসনব্যবস্থা প্রতিষ্ঠা এবং রাশিয়ার জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমানোর জন্য এই সাহায্য দেওয়া হবে।

ওদিকে, পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাবিয়েক্সকিও মঙ্গলবার ইউক্রেইনে গেছেন। রাজধানী কিয়েভ সফরকালে তিনি বলেন, পোল্যান্ড গ্যাস, অস্ত্র সরবরাহের পাশাপাশি মানবিক এবং অর্থনৈতিক সাহায্য দিয়ে ইউক্রেইনকে সহায়তা করবে।

ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে পাশে নিয়ে এক সংবাদ সম্মেলনে মোরাবিয়েক্সকি বলেন, পোল্যান্ড প্রচুর গোলাবারুদ, হালকা মর্টার, মানুষ-বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং নজরদারি ড্রোন দেবে।

ইউক্রেইনের সশস্ত্র বাহিনীতে বর্তমানে সেনা সদস্য আছে প্রায় ২৫০,০০০; যেখানে রাশিয়ার সেনা সদস্য সংখ্যা ৯০০,০০০। রাশিয়া ইউক্রেইন সীমান্তে এক লাখ সেনা সমাবেশ করলেও বলে আসছে তাদের আগ্রাসন চালানোর কোনও পরিকল্পনা নেই।

তবে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদেশগুলোর আশঙ্কা, রাশিয়া আগ্রাসন চালাতে পারে। এজন্য তারা রাশিয়াকে বরাবরই সতর্ক করে আসছে এবং ইউক্রেইনে কোনওরকম আগ্রাসন চললে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে আসছে।

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুত্তে রাশিয়া-ইউক্রেইন সীমান্ত পরিস্থিতি খবুই উদ্বেগজনক বলে বর্ণনা করেছেন। এই পরিস্থিতিতে ইউক্রেইনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে তিনিও শিগগিরই কিয়েভ সফরে যাওয়ার পরিকল্পনা করেছেন বলে জানিয়েছেন।