তাইওয়ান বাদ, ফের চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে নিকারাগুয়া
তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করল মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া।
তাদের এ সিদ্ধান্তের ফলে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক রাখা দেশের সংখ্যা কমে ১৪টিতে এসে দাঁড়াল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চীন-নিকারাগুয়ার সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা ‘যুক্তরাষ্ট্রের উঠান’ খ্যাত দেশগুলোতে বেইজিংয়ের প্রভাব বাড়ার সংকেত; এর পাশাপাশি তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্নের কারণে যুক্তরাষ্ট্র ডেনিয়েল ওর্তেগা সরকারের প্রতি আরও ক্রুদ্ধ হয়ে উঠবে বলেই অনুমান বিশ্লেষকদের।
ওর্তেগা ১৯৮৫ সালে প্রথম তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন; ১৯৯০ সালে ভায়োলেটা ব্যারিওস দে চামোরো নিকারাগুয়ার প্রেসিডেন্ট হলে তিনি স্বশাসিত দ্বীপটির সঙ্গে ফের সম্পর্ক পুনঃস্থাপন করেন।
তাইওয়ানকে চীন তাদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে; অন্যদিকে স্বশাসিত দ্বীপ তাইওয়ান নিজেদের স্বাধীন, সার্বভৌম দেশ মনে করে।
যুক্তরাষ্ট্র তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও তাদের সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে চীন তাইওয়ানের ওপর রাজনৈতিক ও সামরিক চাপ বাড়িয়েই চলেছে, পুনরেকত্রীকরণের ক্ষেত্রে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে বলেও ইঙ্গিত দিয়ে রেখেছে বেইজিং।
গত কয়েক বছর ধরে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা দেশগুলোর ওপরও চাপ বাড়াচ্ছে চীন।
ইউরোপের দেশ লিথুনিয়া তাদের ভূখণ্ডে তাইওয়ানকে দূতাবাস খুলতে দেওয়ায় চীন গতমাসে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সীমিত করে।
২০১৬ সালে তাইওয়ানের এখনকার প্রেসিডেন্ট সাই ইং ওয়েন ক্ষমতা নেওয়ার সময় ২১টি দেশের সঙ্গে স্বশাসিত দ্বীপটির আনুষ্ঠানিক সম্পর্ক ছিল; এরপর মাত্র ৫ বছরেই এক তৃতীয়াংশ বন্ধু হারাল তারা।
সর্বশেষ ২০১৯ সালে কিরিবাতি ও সলোমন দ্বীপপুঞ্জ তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল।
মধ্য আমেরিকার আরেকটি দেশ হন্ডুরাসও এই পথে রয়েছে; দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রো নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিতে বলেছিলেন, ক্ষমতায় গেলে তিনি তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবেন।
শুক্রবার চীনের তিয়ানজিন শহরে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিকারাগুয়ার অর্থমন্ত্রী ও ওর্তেগার দু্ই ছেলের বৈঠকের পর সম্পর্ক পুনঃস্থাপনের ঘোষণা আসে।
“নিকারাগুয়া সঠিক সিদ্ধান্ত নিয়েছে,” বলেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
এই ঘোষণা এমন এক সময়ে এল যখন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলন চলছে এবং সেখানে অন্য অনেক দেশের মতো তাইওয়ানও আমন্ত্রিত। যুক্তরাষ্ট্রের এই সম্মেলনে চীন-রাশিয়া আমন্ত্রণ পায়নি।
নিকারাগুয়ার ওর্তেগা সরকারের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক ক্রমাগত খারাপ হচ্ছে; যুক্তরাষ্ট্র সর্বশেষ ওর্তেগার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নেস্টর মনকাদা লাউয়েরও উপর নিষেধাজ্ঞা দিয়েছে।
তাইওয়ানের সঙ্গে নিকারাগুয়ার সম্পর্ক ছিন্নের প্রসঙ্গে শুক্রবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নিকারাগুয়ার সরকারের সিদ্ধান্ত তাদের দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন নয়, কেননা দেশটির সরকার অবাধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেনি।
অন্যদিকে ওয়াং ই বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপে আর তাইওয়ানের ‘ডলার কূটনীতির’ কারণেই এখনও ১৪টি দেশ তাইপের সঙ্গে সম্পর্ক রেখেছে।
তাইওয়ান এই অভিযোগ অস্বীকার করে আসছে।
