আশরাফ গানি পালালেও কারজাই বললেন, কাবুলেই থাকব
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গানি; তবে সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই বলছেন, তিনি কাবুল ছাড়ছেন না।
আফগানিস্তানে ঝঞ্ঝামুখর দিন রোববার ফেইসবুকে পোস্ট করা এক ভিডিওতে কারজাই তার সমর্থকদের আশ্বস্ত করে তাদের পাশে থাকার ঘোষণা দেন বলে বিবিসি জানিয়েছে।
তিন মেয়েকে পাশে রেখে ওই ভিডিওতে কারজাই বলেন, “প্রিয় কাবুলবাসী, আমি ও আমার পরিবার আপনাদের পাশে আছে।
“আমরা আশা করি, আমাদের দেশের এবং রাজধানীর এখন যে সঙ্কট, তার শান্তিপূর্ণ সমাধানই আসবে।”
ক্ষমতার দখল নেওয়া তালেবানের উদ্দেশে তিনি বলেন, “আমি তাদের আহ্বান জানাতে চাই, তারা যেখানেই থাকুক, মানুষের জান-মালের নিরাপত্তা যেন থাকে। তারা যেন মানুষের জীবন ও সম্পদ রক্ষার কাজটিতে মনোযোগ দেয়।”
আফগানিস্তানের সরকারি বাহিনীর প্রতিও একই আহ্বান রেখেছেন সাবেক এই প্রেসিডেন্ট।
২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর অভিযানে গোঁড়া ইসলামী দল তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০০১ সালে আফগানিস্তানের প্রেসিডেন্ট হয়েছিলেন কারজাই।
তবে তাকে যুক্তরাষ্ট্রের ‘পুতুল প্রেসিডেন্ট’ হিসেবেই আখ্যায়িত করা হত। ২০১৪ সাল অবধি প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে তার সফলতার চেয়ে ব্যর্থতার পাল্লাই ভারী।
কারজাইর পর আফগানিস্তানে প্রেসিডেন্টের দায়িত্ব নেন আশরাফ গানি।
আফরাফ গানি। ছবি: রয়টার্স
কিন্তু তালেবানের সঙ্গে চুক্তির পর যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার শুরু করলেই পাল্টে যায় দৃশ্যপট। গত কয়েক সপ্তাহ ধরে একের পর এক শহর দখলের পর রোববার কাবুলের নিয়ন্ত্রণও নিয়ে নিয়েছে তালেবান।
এই পরিস্থিতিতে গানি আফগানিস্তান ছাড়লে প্রেসিডেন্টের প্রাসাদও দখল করে তালেবান।
দেশত্যাগের জন্য সহযোগীদের সমালোচনার মুখে আশরাফ গানি এক ফেইসবুক পোস্টে বলেছেন, স্বদেশীদের রক্তপাত ও প্রাণক্ষয় এড়াতেই তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
গানি তাজিকস্তানের উদ্দেশে কাবুল ছেড়েছেন বলে জানা গেলেও তিনি এখন কোথায় রয়েছেন, তা জানা যায়নি।
