গানি আফগানিস্তান ছাড়ার পর কাবুলে ঢুকেছে তালেবান যোদ্ধারা
তালেবানের হাতে ‘শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের’ প্রক্রিয়ার মধ্যেই প্রেসিডেন্ট আশরাফ গানি দেশ ছাড়ার পর তালেবান যোদ্ধারা রাজধানী কাবুলে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট প্রাসাদও তাদের নিয়ন্ত্রণে বলে বেশ কয়েকটি খবর পাওয়া গেছে।
বিবিসি জানায়, তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, যোদ্ধাদেরকে রোববার কাবুলের কিছু কিছু জায়গায় ঢোকার নির্দেশ দিয়েছেন তিনি।
এর আগে আফগানিস্তানের ক্ষমতা হস্তান্তর নিয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত তালেবান যোদ্ধাদেরকে কাবুলের উপকণ্ঠেই অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছিল। তালেবান মুখপাত্র বিবিসি-কে বলেছিলেন, তারা জনগণের ওপর কোনও প্রতিশোধ নেবেন না।
এরপরও যোদ্ধাদের কাবুলে ঢুকে পড়ার বিষয়ে তালেবান মুখপাত্র মুজাহিদ বলেছেন, নিরাপত্তা বাহিনী শহরের বিভিন্ন জায়গায় তল্লাশিচৌকি ফেলে রেখে চলে গেছে। সেকারণে ওই জায়গাগুলোতে বিশৃঙ্খলা ও লুটপাট ঠেকাতে তালেবান যোদ্ধাদেরকে যেতে বলা হয়েছে।
এক বিবৃতিতে যোদ্ধাদেরকে ভয় না পাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। মুজাহিদ বলেন, “তালেবান যোদ্ধাদেরকে কারও ক্ষতি না করা এবং মানুষজনের বাড়িঘরে না ঢোকার নির্দেশ দেওয়া হয়েছে। সবরকম সতর্কতা অবলম্বন করেই যোদ্ধারা এলাকাগুলোতে ঢুকছে।”
স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা রয়টার্স বার্তা সংস্থাকে বলেছেন, তালেবান যোদ্ধারা সব দিক থেকেই কাবুলে ঢুকে পড়েছে।
প্রেসিডেন্ট আশরাফ গানির কাবুল ছেড়ে চলে যাওয়ার খবর কর্মকর্তারা সাংবাদিকদের জানানোর পরই তালেবান যোদ্ধারা কাবুলে অগ্রসর হয়েছে। গানির অবস্থান সম্পর্কে কিছু জানা না গেলেও কয়েকটি খবরে বলা হয়েছে, তিনি তাজিকিস্তানের পথে গেছেন।
তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনা সংশ্লিষ্ট কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আশরাফ গানি এখন ‘সাবেক প্রেসিডেন্ট’, যিনি দেশকে ‘এ অবস্থায় রেখে’ পালিয়ে গেছেন। এখন আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। পুরো জাতি তার বিচার করবে।”
