২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়ার তিগ্রাইয়ে ২৩ লাখ শিশু ত্রাণসহায়তা বঞ্চিত: জাতিসংঘ

ইথিওপিয়ায় লড়াই চলতে থাকায় উত্তরের তিগ্রাই অঞ্চলের প্রায় ২৩ লাখ শিশু জরুরি মানবিক ত্রাণসহায়তা থেকে বঞ্চিত হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2020, 08:57 PM

Updated : 18 Aug 2022, 04:13 PM

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর পক্ষ থেকে বলা হয়েছে, “এই শিশুদেরকে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে সুরক্ষা দিতে হবে; যাদের বেশিরভাগই শরণার্থী বা নিজ অঞ্চলেই গৃহহীন হয়ে পড়েছে।”

তিগ্রাই অঞ্চলে মানবিক সহায়তা পৌঁছে দিতে ইথিওপিয়া সরকারের সঙ্গে ‍জাতিসংঘের চুক্তি হলেও সেখানে ত্রাণ নিয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে নানা মানবাধিকার সংগঠন।

গত ৪ নভেম্বর থেকে তিগ্রাই যোদ্ধাদের সঙ্গে ইথিওপিয়ার সেনাবাহিনীর যুদ্ধ চলছে। ইথিওপিয়া সরকারের দাবি, তারা তিগ্রাই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে এবং লড়াই শেষ হয়ে গেছে।

কিন্তু তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) বলছে, এখনও কয়েকটি যুদ্ধক্ষেত্রে লড়াই চলছে।

তিগ্রাইয়ে ত্রাণ পৌঁছাতে জাতিসংঘ-ইথিওপিয়া চুক্তি

ইথিওপিয়ার তিগ্রাইয়ে ‘লড়াই ছড়িয়ে পড়েছে’  

যুদ্ধে শত শত এমনকি হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রায় ৫০ ‍হাজার মানুষ প্রাণ বাঁচাতে প্রতিবেশী সুদানে পালিয়ে গেছে।

ইউনিসেফ এক বিবৃতিতে বলেছে, ‘‘শিশুদের জন্য জরুরি মানবিক সহায়তা নিয়ে ঢুকতে যত দেরি হবে সেখানে পরিস্থিতি তত খারাপ হবে।

‘‘আমরা সেখানে জরুরি, স্থায়ী, বিনাশর্তে এবং নিরপেক্ষভাবে ত্রাণের প্রবেশ ও বিতরণের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি। যাতে সেখানে থাকা সব পরিবার তাদের প্রয়োজনীয় জিনিস হাতে পায়।”

এখন পর্যন্ত ইথিওপিয়া সরকার বা টিপিএলএফ কর্তৃপক্ষ কেউই ইউনিসেফ-এর এ আহ্বানে সাড়া দেয়নি।