২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ার বালি হামলায় জড়িত শীর্ষ জঙ্গি গ্রেপ্তার

ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে, তারা আল কায়েদার সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠী জেম্মাহ ইসলামিয়ার অন্যতম শীর্ষ একজন নেতাকে গ্রেপ্তার করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2020, 04:54 PM

Updated : 08 Apr 2022, 01:46 AM

২০০২ সালে ইন্দোনেশিয়ার অবকাশযাপন দ্বীপ বালিতে বোমা হামলার পেছনে জুলকারনায়েন নামের এই জঙ্গি নেতা ছিলেন বলে অভিযোগ। বালির ওই বোমা হামলায় ২০০ জনেরও বেশি লোক নিহত হয়েছিল।

শনিবার এক বিবৃতিতে পুলিশের মুখপাত্র আহমদ রামাধান জানিয়েছেন, বালি হামলার কমান্ডারদের একজন জুলকারনায়েনকে বৃহস্পতিবার সন্ত্রাস-বিরোধী পুলিশ গ্রেপ্তার করেছে।

তাকে গ্রেপ্তারের সময় পুলিশ কর্মকর্তারা কোনো প্রতিরোধের মুখে পড়েননি বলে জানিয়েছেন তিনি।

দক্ষিণপূর্ব এশিয়ায় একটি ইসলামি খেলাফত গড়ে তোলা জেম্মাহ ইসলামিয়ার ঘোষিত লক্ষ বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদন অনুযায়ী, জুলকারনায়েনের আরেক নাম আরিস সুমারসোনো।

বালির হামলাগুলোতে যে বোমা ব্যবহৃত হয়েছিল সেগুলো এবং ২০০৯ সালে জাকার্তার জে. ডব্লিউ. ম্যারিয়ট ও রিটজ্-কালটন হোটেলে বোমা হামলায় ব্যবহৃত বোমাগুলো তৈরিতে জুলকারনায়েন যুক্ত ছিলেন বলে বিশ্বাস করা হয়। জাকার্তার ওই বোমা হামলায় নয় জন নিহত হয়েছিল।

জেম্মাহ ইসলামিয়ার সাবেক নেতা পারা বিজয়ান্তো ২০১৯ সালে গ্রেপ্তার হয়েছিলেন।

স্তানিস্লাউস রিয়ান্তা নামের একজন নিরাপত্তা বিশ্লেষক জানিয়েছেন, জুলকারনায়েনের গ্রেপ্তারে জেম্মাহ ইসলামিয়ার অভিযান সক্ষমতা দুর্বল হয়ে পড়বে।