২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ব্রাজিলে ডানা মেলছে বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ

বিশ্বের শীর্ষস্থানীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজ যুক্তরাষ্ট্রে উড্ডয়নের ছাড়পত্র পাওয়ার পর এবার ব্রাজিলও এর উড়ান ফের শুরু করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2020, 06:57 PM

Updated : 18 Aug 2022, 04:12 PM

ব্রাজিলের গোল এয়ারলাইন্স বুধবার থেকেই বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের বাণিজ্যিক ফ্লাইট চালু করছে বলে জানিয়েছে।

বিবিসি জানায়, ৭ টি বোয়িং ম্যাক্স মডেলের এই উড়োজাহাজের ২৭ টি অভ্যন্তরীন বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা জানিয়েছে গোল।

এ লক্ষ্যে ১৪০ জন পাইলটকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রাজিলের অভ্যন্তরীন ফ্লাইট পরিচালনাকারী বৃহত্তম এই বিমান চলাচল সংস্থাটি।

আবার আকাশে উড়বে বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ

বোয়িং ৭৩৭ ম্যাক্স উড্ডয়নের জন্য নিরাপদ: যুক্তরাষ্ট্র  

২০১৯ সালের মার্চে বিশ্বব্যাপী বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের উড়োজাহাজের প্রায় দুই-তৃতীয়াংশই ব্যবহার না করে মাটিতে নামিয়ে রাখা হয়েছিল।

পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে এ ধরনের নতুন দুটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩৪৬ জন আরোহী নিহত হওয়ার পর বিশ্বের অধিকাংশ এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ উড়োজাহাজ ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়।

দুর্ঘটনাকে কেন্দ্র করে বোয়িং এবং বিমান নিরাপত্তার সনদ দেওয়া যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশনও (এফএএ ) সমালোচনার শিকার হওয়ার পর এক পর্যায়ে এক জরুরি আদেশে বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছিল।

গত ২০ মাস ধরে নানা পরীক্ষা-নীরিক্ষা, প্রযুক্তির উন্নয়নে গবেষণা, বোয়িং এর শীর্ষপদে রদবদল-সহ নিরাপত্তা ইস্যুতে ব্যাপক পর্যালোচনার পর গত ১৮ নভেম্বরে এফএএ  এই মডেলের উড়োজাহাজ আবার যুক্তরাষ্ট্রের আকাশে ওড়ার ছাড়পত্র দিয়েছে।

আমেরিকান এয়ারলাইন্স ২৯ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারির মধ্যে মিয়ামি এবং নিউ ইয়র্ক রুটে ম্যাক্স যাত্রীবাহী উড়োজাহাজের ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে।

বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ এর উড়ান বন্ধ অধিকাংশ দেশে

বিশ্বজুড়ে ৭৩৭ ম্যাক্স ৮ এর উড়ান বন্ধ করলো বোয়িং  

ওদিকে, ব্রাজিলের গোল এয়ারলাইন্সের ভাইস প্রেসিডেন্টও বলেছেন, এই মডেলের উড়োজাহাজ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা এবং উন্নয়ন কাজের পর এখন এর উড়ানের নিরাপত্তার ব্যাপারে তারা পুরোপুরি আস্থাশীল।

বিশ্বের দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত কেবল যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলই এ উড়োজাহাজের উড়ান অনুমোদন করল।