২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লড়াই আদালতে গড়ানোর শঙ্কা নিয়েই ভোটে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আর কয়েকঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। কিন্তু এবার ভোটের মধ্য দিয়ে কোনও একজন প্রার্থী জয় ছিনিয়ে আনবেন, নাকি নতুন প্রেসিডেন্ট হওয়ার লড়াই শেষমেশ আদালত পর্যন্ত গড়াবে তা নিয়ে গভীর সংশয় আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শামীমা নাসরিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2020, 01:59 AM

Updated : 10 Oct 2022, 07:32 PM

ডাকযোগে রেকর্ড সংখ্যায় ভোট, ইলেকটরেটদের মধ্যে বেশিমাত্রায় মেরুকরণ  কিংবা সুপ্রিম কোর্টে বিচারকদের প্রস্তুতির যে আভাস যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো দিচ্ছে, তাতে নতুন প্রেসিডেন্ট চূড়ান্ত হওয়ার লড়াই আদালত পর্যন্ত যাওয়ার জোর সম্ভাবনা আছে। এখন শুধু যে কোনও একটি ‘ব্যাটলগ্রাউন্ড’ অঙ্গরাজ্যের ফলাফল সমান-সমান বা চুল পরিমাণ পার্থক্য হলেও হয়। সেক্ষেত্রে হয়ত উভয় পক্ষই আদালতের দ্বারস্থ হবেন।

রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তো আগেই বলেছিলেন, নির্বাচনে পরাজিত হলে তিনি রায় মেনে নাও নিতে পারেন। প্রয়োজনে যেতে পারেন উচ্চ আদালতে। এজন্য প্রস্তুতিও নিয়েছেন।

লস অ্যাঞ্জেলেসের একটি ল’ স্কুলের নির্বাচনী আইন বিষয়ের শিক্ষক জেসিকা লেভিনসন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘যদি পেনসিলভানিয়া ও ফ্লোরিডায় ফলাফল সমান হয় বা ব্যবধান খুব সামান্যও হয়, তহলেই হয়ত আমরা প্রাণপন আইনি লড়াইয়ে পড়ে যেতে পারি।”

তাছাড়া, এবার ডাকযোগে পাঠানো ব্যালট গ্রহণের সময়সীমা বাড়ানো নিয়ে আদালতের রায়ের কারণেও নির্বাচনের পর আইনি লড়াইয়ের ঝুঁকি বেড়েছে। বিশেষ করে পেনসিলভানিয়া এবং আরেকটি গুরুত্বপূর্ণ রাজ্য মিনেসোটায় নির্বাচনের ফল কাছাকাছি হলে এই লড়াইয়ের আশঙ্কা আছে, বলছেন বিশেষজ্ঞরা।

ট্রাম্প ও তার রিপাবলিকান শিবির মেইল-ইন বা ডাকযোগে পাঠানো ব্যালট ভোট অনুষ্ঠানের কয়েকদিন পরও গ্রহণ করার বিরোধিতা করে আসছে। এ নিয়ে এরই মধ্যে একের পর এক মামলায় আদালতের শরণাপন্ন হয়েছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট শিবির।

গত ২৯ অক্টোবরে সুপ্রিম কোর্ট ট্রাম্প শিবিরের বিপরীতে গিয়ে দুটি গুরুত্বপূর্ণ রাজ্য-নর্থ ক্যারোলাইনা এবং পেনসিলভানিয়ায় ভোট অনুষ্ঠানের পরও ব্যালট গ্রহণে অতিরিক্ত সময় অনুমোদনের পক্ষে রায় দেয়। এতে বড় ধরনের ধাক্কা খায় ট্রাম্প শিবির।

যুক্তরাষ্ট্রের অষ্টম সার্কিট কোর্ট অব আপিলও ২৯ অক্টোবরে মিনেসোটায় এবং এর আগে ২৮ অক্টোবর পেনসিলভানিয়ায় সুপ্রিম কোর্ট ডাকযোগ আসা ব্যালট নির্বাচনী দিনের (৩ নভেম্বর) পর গ্রহণের সময়সীমা নিয়ে একইরকম দুটি রায় দিয়েছে।

ব্যালট নিয়ে এই আইনি লড়াইয়ের মতো ভোটের লড়াইও আদালত পর্যন্ত গড়ানোর আভাস আগেভাগেই দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প । তবে সেখানে তিনি এগিয়ে থাকার ব্যবস্থা এরই মধ্যে করে রেখেছেন রক্ষণশীল বিচারপতির সংখ্যা বাড়িয়ে।

যুক্তরাষ্ট্রে গত ১৪০ বছরের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে মাত্র একবার আদালত চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করে দিয়েছিল। ২০০০ সালে আদালতের হস্তক্ষেপে ডেমোক্র্যাটিক প্রার্থী আল গোরকে হারিয়ে বিজয়ী ঘোষিত হন রিপাবলিকান প্রার্থী জর্জ ডব্লিউ ‍বুশ। আল গোর ফ্লোরিডা অঙ্গরাজ্যের ভোট পুনঃগণনার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। আদালতে হেরে যাওয়ার পর আল গোর নির্বাচনে পরাজয় স্বীকার করে নেন।

মোট ভোটার এবং নির্বাচন প্রক্রিয়া:

যুক্তরাষ্ট্রে এবার মোট ভোটার প্রায় ২৪ কোটি। তারমধ্যে ১৮ থেকে ১৯ কোটি ভোটার ভোট দেবেন বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনের আগের দিন রাত পর্যন্ত ডাকযোগে সাড়ে ৯ কোটির বেশি আগাম ভোট দেওয়া হয়ে গেছে। কোনও কোনও অঙ্গরাজ্যে ভোটের দিনও ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। সেক্ষেত্রে আরও কিছু ভোট ডাকযোগে নির্বাচন কমিশনে যাবে।

ডেমোক্র্যাটিক সমর্থকদের মধ্যে আগাম ভোট দেওয়ার প্রবণতা বেশি। তারা ভিড় ঠেলে ভোটকেন্দ্রে গিয়ে ভোট কম দেয়। কোভিড-১৯ মহামারীর কারণে তাদের ভোটকেন্দ্রে যাওয়া হয়তো আরও কমে যাবে।

অন্যদিকে, রিপাবলিকান সমর্থকরা ভোটকেন্দ্রে গিয়েই ভোট দিতে বেশি পছন্দ করেন। শেষমুহূর্তে ভোটার তালিকাভুক্তির ব্যাপারেও তারা এগিয়ে। ‘শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের’ ফয়দাও পুরোপুরি ট্রাম্পের পকেটেই যেতে পারে। যুক্তরাষ্ট্রে এখনও ৬৭ শতাংশ ভোটার শ্বেতাঙ্গ। নির্বচনী জরিপে এরা কম অংশ গ্রহণ করে এবং ঐতিহ্যগতভাবে এদের বেশিরভাগই রক্ষণশীল রিপাবলিকান প্রার্থীদের পছন্দ করে।

তবে যুক্তরাষ্ট্রে নির্বাচন প্রক্রিয়ায় শুধু ভোটারদের সরাসরি ভোটে (পপুলার ভোট) জিতলেই জয় নিশ্চিত হয় না। বরং নির্বাচিত হতে হলে অবশ্যই ইলেকটরাল কলেজে জিততে হবে। গত নির্বাচনে ট্রাম্পের চেয়ে ৩০ লাখ ভোট বেশি পেয়েও ইলেকটরাল কলেজে হেরে গিয়েছিলেন হিলারি ক্লিনটন।

যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসিসহ (ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া) মোট ইলেকটোরাল কলেজ ৫১টি।

ভোটাররা এই ৫১টি ইলেকটোরাল কলেজের ৫৩৮ জন ইলেকটর নির্বাচিত করেন। কোন অঙ্গরাজ্যে কতজন ইলেকটর থাকবেন তা সেখানকার মোট জনসংখ্যার ভিত্তিতে নির্ধারিত হয় এবং যে রাজ্যে জনগণের ভোটে যে প্রার্থী জেতেন সাধারণ ওই প্রার্থী ওই অঙ্গরাজ্যের ইলেকটরদের পান। এ কারণেই পেনসিলভানিয়া, ফ্লোরিডা, নর্থ ক্যালোলিনা ও অ্যারিজোনার মত ‍অঙ্গরাজ্যগুলো জয়-পরাজয় নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠে।

প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে এই ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হয়।

আইনি বিশেষজ্ঞরা বলেন, যেসব অঙ্গরাজ্যে ভোটের লড়াই হাড্ডহাড্ডি হবে সেখানে ট্রাম্প হয়ত আগাম ভোটের ফলের উপর ভিত্তি করেই দলীয় ইলেকটরদের অনুমোদন দিতে রিপাবলিকান আইনপ্রণেতাদের রাজি করানোর চেষ্টা নিতে পারেন । তারপর যখন আরও ব্যালট গণনা করা হবে, তখন ঘটনাচক্রে একই রাজ্যে বাইডেনের জয়ও নিশ্চিত হতে পারে।  সেক্ষেত্রে দুইপক্ষের ইলেকটরদের দান্দ্বিক অবস্থান এবং এর ফলশ্রতিতে  জয়-পরাজায় নির্ধারণ করে দিতে পারে কংগ্রেস।

ভোটারদের মন গলাতে প্রতিশ্রুতির ফুলঝুরি:

ট্রাম্প-বাইডেন দুইজনই বিশেষত   নিরপেক্ষ ভোটারদের দলে টানতে নানা প্রতিশ্রুতি দিয়েছেন। কোভিড-১৯ মহামারীর কারণে যুক্তরাষ্ট্রে প্রায় দুই কোটি মানুষ বেকার হয়ে পড়েছেন। ট্রাম্প আগামী ১০ মাসের মধ্যে এক কোটি মানুষের জন্য নতুন কার্মসংস্থান এবং ১০ লাখ নতুন ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন। আয়কর হ্রাস এবং নানা কোম্পানিকে যুক্তরাষ্ট্রের কার্যক্রম চালিয়ে যাওয়ায় উৎসাহ দিতে ‘ট্যাক্স ক্রেডিট’ দেওয়ার কথাও বলেছেন।

এছাড়া, বিদেশে মার্কিন সেনা হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের মত বিষয়ে গতবার দেওয়া নানা প্রতিশ্রুতিতেই অটল আছেন ট্রাম্প।

বাইডেন কিছু কিছু বিষয়ে ট্রাম্পের ঠিক বিপরীতে অবস্থান নিয়েছেন। নির্বাচিত হলে তিনি মূলত সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলের নানা নীতি ফিরিয়ে আনার কথা বলেছেন। যেমন প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় যোগ দেওয়া, বাতিল করা অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট (এসিএ) ফিরিয়ে আনা, আগ্নেয়াস্ত্র ব্যবহার নিয়ন্ত্রণ আইন কঠোর করা, জৈব জ্বালানির ব্যবহার হ্রাস করে ‘গ্রিন এনার্জি’ ব্যবহারের উদ্যোগ গ্রহণ, কার্বন নিঃসরণ কমিয়ে আনাসহ নানা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ওবামার দুই মেয়াদেই ভাইস প্রেসিডেন্ট ছিলেন বাইডেন। ফলে ওইসব নীতি নির্ধারণের সময় তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। এর বাইরে তিনি নির্বাচিত হলে করোনাভাইরাস নিয়ন্ত্রণে দেশজুড়ে ‘কন্টাক্ট-ট্রেসিং প্রোগ্রাম’ চালু, প্রতিটি অঙ্গরাজ্যে অন্তত ১০টি নমুনা পরীক্ষা সেন্টার স্থাপন এবং সবাইকে সেখানে বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষা করার সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এই প্রতিশ্রুতির ফুলঝরিতে ভোটাররা কাকে বেছে নেবেন তা জানতে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা।

ডাকযোগে ভোট:

এবছর সাড়ে নয় কোটির বেশি আমেরিকান ভোটার ডাকযোগে আগাম ভোট দিয়েছেন, যা দেশটির ইতিহাসে নতুন রেকর্ড। কোভিড-১৯ মহামারীর কারণে ভিড় এড়াতেই মূলত ডাকযোগে ভোটের সংখ্যা বেড়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনী প্রচারের শুরু থেকেই ডাকযোগে ভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তিনি এভাবে ভোটে বড় ধরনের প্রতারণা হতে পারে বলে অভিযোগ করেছেন। এমনকী, নিজের অভিযোগ প্রমাণ করতে তিনি মার্কিন পোস্টাল সার্ভিসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাও করেছেন বলে শোনা গেছে। ডেমোক্র্যাটিক প্রার্থী বাইডেন অবশ্য মহামারীর এ সময়ে স্বাস্থ্য সুরক্ষায় ডাকযোগে ভোটই উত্তম বলেছেন।

ডাকযোগে ভোট নিয়ে বিতর্কের কারণে এ ইস্যুতে আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে। সেখানেও রয়েছে দ্বিমত। ডাকযোগে ভোট নিয়ে এক এক অঙ্গরাজ্যেরে আদালত এক এক রকম আদেশ দিয়েছে।

জয়-পরাজয় নির্ধারণে ‍গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পেনসিলভানিয়া অঙ্গরাজ্যসহ ১৬টি অঙ্গরাজ্যে ডাকযোগে ভোট দিতে ভোটারদের বিশেষ ‘গোপনীয়’ খামে ভরে ব্যালট পেপার নির্বাচন কমিশনে ফেরত পাঠাতে হচ্ছে। গোপন ওই খামে ভরে ব্যালট পেপার না পাঠালে সেটি ‘নগ্ন ব্যাটল’ বলে বিবেচিত হয়ে বাতিল হয়ে যেতে পারে।

চূড়ান্ত ফল পেতে দেরি হতে পারে:

এবার যেহেতু রেকর্ড সংখ্যায় মানুষ ডাকযোগে ভোট দিয়েছেন তাই সেসব ব্যাটল পেপার পৌঁছাতে এবং গণনা শেষ হতে ৩ নভেম্বর পেরিয়ে আরও কয়েকদিন সময় লেগে যেতে পারে। যে কারণে নির্বাচনের দিন ভোটের প্রাথমিক ফলাফলে পেনসিলভানিয়ার মত অঙ্গরাজ্যে এগিয়ে থাকতে পারেন রিপাবলিকানরা। নির্বাচনের ম্যাপে যাদের ‘লাল রঙ’ দিয়ে চিহ্নত করা হয়।

পেনসিলভানিয়ায় ভোটের দিনের পর আরও তিনদিন ডাকযোগে পাঠানো ব্যালটপেপার গ্রহণ করা হবে। আর যেহেতু ডেমোক্র্যাটিক সমর্থকরা ডাকযোগে বেশি ভোট দিয়েছেন তাই প্রথমদিন ‘লালে লাল’ হয়ে যাওয়া নির্বাচনী ম্যাপ ধীরে ধীরে নীল হয়ে যেতে পারে। ডেমোক্র্যাটিকদের ম্যাপে নীল রঙ দেখানো হয়।

আবার ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনার মত অঙ্গরাজ্যে উল্টো ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন নির্বাচন বিশেষজ্ঞরা। কারণ, ওই দুই অঙ্গরাজ্যে ভোটের আগের দিন থেকেই ডাকযোগে পাওয়া ব্যালটপেপার গণনা শুরু হয়ে যাবে। তাই নীল ম্যাপ ভোটের দিন লাল হয়ে যেতে পারে।

ভোটের লড়াই আদালতে গড়ালে কী হতে পারে:

ভোটের লড়াই আদালত পর্যন্ত গড়ালে সেখানে নিশ্চিতভাবেই এগিয়ে আছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের নয় বিচারপতির মধ্যে ৬:৩ ব্যবধানে রক্ষণশীলরা সংখ্যাগরিষ্ঠ। সর্বশেষ গত ২৬ অক্টোবর ট্রাম্পের পছন্দের প্রার্থী এমি কনি ব্যারেটের নিয়োগ নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে দ্বিগুণ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন রক্ষণশীলরা। এই ছয় জনের মধ্যে তিনজনই আবার ট্রাম্পের নিয়োগ দেওয়া।

গত সেপ্টেম্বরেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ভোটের আগে সুপ্রিম কোর্টের খালি হওয়া পদে তিনি তার পছন্দের প্রার্থীর নিয়োগ নিশ্চিত করতে চান। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘‘নির্বাচনের চূড়ান্ত ফলাফল শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে নির্ধারিত হতে পারে এবং আমার মনে হয়, এ সময়ে সুপ্রিম কোর্টে নয়জন বিচারপতিই থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তবে নির্বাচন বিশেষজ্ঞরা বিষয়টিকে এতটা সহজ করে দেখছেন না। এমন একজন এডাভ নোটি বলেন, ‘‘প্রেসিডেন্টের কিছু কিছু বক্তব্যে মনে হচ্ছে তিনি ভাবছেন, সুপ্রিম কোর্টে গিয়ে জিজ্ঞাসা করা হবে কে বিজয়ী হয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা রায় দিয়ে দিবে। কিন্তু বিষয়টা আসলে এতটা সহজ না। নির্বাচনের মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট এভাবে কাজ করে না।”

তবে বিশ্লেষকরা যাই বলুন, ২০০০ সালে জর্জ ডব্লিউ বুশ কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিদের পক্ষপাতের কারণেই ৫:৪ ব্যবধানে জিতে গিয়েছিলেন। পক্ষপাতমূলক সেই রায়ে মাত্র ৫৩৭ ভোটের ব্যবধানে বুশকে বিজয়ী ঘোষণা করা হয়। নিপাট ভদ্রলোক আল গোর গণতন্ত্রের স্বার্থে সে রায় মেনে নিলেও পরবর্তীতে দেখা যায়, ফ্লোরিডার ভোট যদি সঠিকভাবে গণনা করা হত,  তাহলে আল গোরই হতেন যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট।

জরিপে এগিয়ে বাইডেন:

করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত বিশ্ব। এই মহামারীতে এখন পর্যন্ত সবচেয়ে পর্যদুস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এই রোগে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯০ লাখের বেশি। মারা গেছেন প্রায় ২ লাখ ৩০ হাজার ‍মানুষ।

নির্বাচনের বছরে কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ ট্রাম্প বেশ বেকায়দায় পড়েছেন। ট্রাম্প গতবার বয়স্ক আমেরিকান ভোটারদের একচেটিয়া ভোট পেয়েছিলেন। এবার ওই দলে ট্রাম্পের জনপ্রিয়তা বেশ খানিকটা কমে গেছে বলে বেশ কিছু জরিপে দেখা গেছে।

এবার বেশিরভাগ নির্বাচনী জরিপে বাইডেনের থেকে পিছিয়ে ছিলেন ট্রাম্প। জনগণের কাছে ট্রাম্পের জনপ্রিয়তা কমার অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে কোভিড-১৯ মহামারীকে। শুরুতে এ রোগকে গুরুত্ব না দিয়ে উল্টাপাল্টা কথা এবং তারপর মহামারী উপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ট্রাম্প নিজেও এ রোগে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে সংবাদের শিরোনাম হয়েছেন।

রিপাবলিকান দল ও ট্রাম্পের ছলনা:

আবারও হোয়াইট হাউজে ফিরতে মরিয়া ট্রাম্প ও তার দল। এজন্য তারা ছলনার আশ্রয় নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন বলেও খবর প্রকাশ পেয়েছে।

এবার ডাকযোগে রেকর্ড সংখ্যায় আগাম ভোট পড়েছে। ওই ভোটারদের বেশিরভাগই ডেমোক্র্যাটিক। ফলে ভোটের দিন ভোটকেন্দ্রে রিপাবলিকান ভোটারাই বেশি থাকবেন এবং ফলাফল প্রকাশের শুরুতে রিপাবলিকানদের এগিয়ে থাকতে দেখা যাবে বলে ধারণা করছেন বেশিরভাগ নির্বাচনী বিশেষজ্ঞ।

ট্রাম্প ও তার দল এই এগিয়ে থাকার সুযোগই নিবেন এবং ভোট গণনা শেষ হওয়ার আগেই ভোটের রাতে প্রাথমিক ফলাফলের ভিত্তিতে নিজেদের বিজয়ী ঘোষণা করবেন বলে যুক্তরাষ্ট্রের নিউজ ওয়েবসাইট ‘এক্সিওস’র এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ট্রাম্প অবশ্য রোববার ওই খবর উড়িয়ে দিয়েছেন বলে জানায় বিবিসি। তবে ভোটের ফলাফলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। বলেছেন, ‘‘আমার মনে হয়, ভোটের ‍রাতে ফল জানতে না পারাটা ভয়ঙ্কর কষ্টের।”

(তথ্যসূত্র: রয়টার্স, বিবিসি, সিএনএন)

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রে নির্বাচন: আগাম ভোট ৯ কোটি ছাড়াল

জরিপে এগিয়ে বাইডেন, দোদুল্যমান রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস  

যুক্তরাষ্ট্রে নির্বাচন: ট্রাম্প-বাইডেনের যত প্রতিশ্রুতি  

হিলারির চেয়েও এবারের নির্বাচনে শক্ত অবস্থানে বাইডেন  

ব্যালট নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে ‘ধাক্কা’ খেলেন ট্রাম্প