২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরিপে এগিয়ে বাইডেন, দোদুল্যমান রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

মাত্র দুইদিন পর ভোট। চূড়ান্ত এ সময়ে জনমত জরিপে এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। তবে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে প্রতিদ্বন্দ্বিতা ধরে রেখে এখনও আশা বাঁচিয়ে রেখেছেন ডনাল্ড ট্রাম্প। ভোটের দিন সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে করোনাভাইরাস।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 Nov 2020, 01:01 AM

Updated : 08 Apr 2022, 01:34 AM

যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের পর তা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হওয়ার মাশুল হয়ত ট্রাম্পকে দিতে হবে। দেশ করোনাভাইরাস সঙ্কটে পড়ার পর থেকেই জনমত জরিপগুলোতে প্রতিদ্বন্দ্বী বাইডেনকে আর পেছনে ফেলতে পারেননি ট্রাম্প।

রয়টার্সের সর্বশেষ জনমত জরিপে ৫১ শতাংশ ভোট পেয়েছেন বাইডেন। ট্রাম্পের পক্ষে ভোট ৪৩ শতাংশ। গত ২৭ থেকে ২৯ অক্টোবর এ জরিপ চালানো হয়।

তবে জরিপে পিছিয়ে থাকলেও ‘ব্যাটলগ্রাউন্ড’ রাজ্যগুলোতে বাইডেনের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে পেরেছেন ট্রাম্প।

আর কে না জানে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে শুধু ভোট বেশি পাওয়াই যথেষ্ট নয়। হোয়াইট হাউজের চাবি পেতে হলে জিততে হবে ইলেকটোরাল কলেজে। অর্থাৎ, ভোটারদের সরাসরি ভোটে না বরং পরোক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

চার বছর আগে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটন ট্রাম্পের থেকে প্রায় ৩০ লাখ ভোট বেশি পেয়েও ইলেকটোরাল কলেজে হেরে যান।

৫০টি রাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসিসহ (ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া) দেশটিতে মোট ইলেকটোরাল কলেজ ৫১টি।

জনগণ আসলে ভোটের মাধ্যমে ৫১টি ইলেকটোরাল কলেজের ৫৩৮ জন ইলেকটর নির্বাচন করে দেন। তারা ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত করেন। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে এই ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হয়।

আর এই ইলেকটোরল কলেজে ফ্লোরিডা, নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনার মত ‍অঙ্গরাজ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠে। এই অঙ্গরাজ্যগুলোতে দৌড়ে আসলে কেউ এগিয়ে নেই।

পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনের মত গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে বাইডেনের চেয়ে সামান্যই পিছিয়ে আছেন ট্রাম্প।

২০১৬ সালের নির্বাচনে ‍মূলত স্কুল পাশ শেতাঙ্গ এবং বয়স্ক আমেরিকানদের ভোটে জিতে গিয়েছিলেন ট্রাম্প। কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে এবার দুই গ্রুপেই তার সমর্থন কমেছে।

এবারের নির্বাচনে ভোটারদের কাছে কোভিড-১৯ মহামারী খুব সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে।

রয়টার্সের জরিপে দেখা গেছে, তিনচতুর্থাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান করোনাভাইরাসের কারণে ব্যক্তিগতভাবে স্বাস্থ্য সংকট নিয়ে উদ্বিগ্ন। ৬০ শতাংশ আমেরিকান মনে করেন ট্রাম্প যেভাবে এই ভাইরাস প্রতিরোধ করতে চয়েছেন তা ঠিক ছিল না।

৩০ শতাংশ আমেরিকান ভোটার বলেছেন, এ বছর তারা ভোট দেওয়ার সময় সবার আগে বিবেচনা করবেন কে এই ভাইরাস আরও ভালভাবে মোকাবেলা করতে পারবেন। তারা তাকেই ভোট দেবেন।

এই মহামারী এরই মধ্যে দুই লাখ ২৭ হাজারের বেশি আমেরিকানের প্রাণ কেড়ে নিয়েছে। তবে সবচেয়ে উদ্বেগের কথা হল দেশটিতে আবারও দৈনিক শনাক্ত লাখ ছাড়াতে শুরু করেছে।

গত শুক্রবার সেখানে ১ লাখ ২৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়। অথচ, এই করোনাভাইরাস নিয়ে ট্রাম্প এবং বাইডেনের অবস্থান ছিল সম্পূর্ণ বিপরিত দিকে।

ট্রাম্প বার বার বলেছেন, করোনাভাইরাস সাধারণ ফ্লুর মত। সামান্য সর্দি-জ্বর ছাড়া শরীরে আর কোনো অসুবিধা হয় না এবং দ্রুতই এই মহামারী শেষ হয়ে যাবে। কিন্তু বছর শেষ হতে চললেও মহামারী শেষ হওয়ার কোনো সম্ভাবনা এখনও দেখা যায়নি। টিকা আবিষ্কার না হওয়ায় পর্যন্ত এই মহামারীর হাত থেকে মুক্তি নেই বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

বাইডেন শুরু থেকেই জনগণকে কোভিড-১৯ মহামারী নিয়ে সতর্ক থাকতে বলেছেন এবং নির্বাচিত হলে এই ভাইরাস মোকাবেলায় অগ্রাধিকার ভিত্তিতে কঠোর প্রচেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন।