২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হিলারির চেয়েও এবারের নির্বাচনে শক্ত অবস্থানে বাইডেন

যুক্তরাষ্ট্রের এবছরের নির্বাচনে সেই চারবছর আগে ২০১৬ সালের নির্বাচনের অদ্ভূত মিল দেখা যাচ্ছে বলে মনে করেন অনেক রাজনীতি বিশ্লেষক।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2020, 12:00 AM

Updated : 08 Apr 2022, 01:35 AM

কারণ, সেবার ডেমোক্র‌্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের বিপুল জনসমর্থনে এগিয়ে থাকার মতো এবারও জাতীয় জরিপগুলোতে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন প্রতিপক্ষ ডনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক এগিয়ে আছেন।

কিন্তু গতবার হিলারি তার প্রতিপক্ষ ট্রাম্পের তুলনায় অনেক এগিয়ে থেকেও শেষ পর্যন্ত নির্বাচনী ফলে হেরে গেছেন। এবার বাইডেনও হিলারির মতো এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে যাবেন কি-না তা নিয়ে সংশয় আছে।

চারবছর আগের আর পরের নির্বাচন একইভাবে মিলে যাওয়ার এই সম্ভাবনাকে উপেক্ষা করার উপায় নেই।

কিন্তু এবারের জরিপগুলো ভাল করে লক্ষ্য করলে গত নির্বাচনের হিলারির সঙ্গে এবছর বাইডেনের অবস্থানের বেশ বড় ধরনের ফারাকই নজরে আসবে। কোভিড-১৯ এর এই সংকটকালে এবং এর ফলে অর্থনীতিতে বড় ধরনের ধসের মধ্যেও এই ফারাক মোটেই কম গুরুত্বপূর্ণ ব্যাপার নয়।

হিলারির তুলনায় বাইডেনের ফারাক:

শুরু করা যাক গত ৯ থেকে ১২ অক্টোবরের মধ্যে পরিচালিত এনবিসি/ওয়ালস্ট্রিট জার্নালের জরিপ দিয়ে। এতে দেখা গেছে, জো বাইডেন নিবন্ধিত ভোটারদের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের তুলনায় ১১ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন।

গতবার অর্থাৎ ২০১৬ সালেও প্রায় একই সময়ে (১০-১৩ অক্টোবর) পরিচালিত জরিপে দেখা গিয়েছিল, নিবন্ধিত ভোটারদের মধ্যে ট্রাম্পের তুলনায় ১০ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন হিলারি।

এই ফারাক আদতে অনেক বড় ফারাক। এর মানে হচ্ছে, বাইডেন ১২ অক্টোবরের ওই জরিপে ৫০ শতাংশের বেশি (৫৩ শতাংশ মতো) এগিয়েছেন। যেখানে ২০১৬ সালে হিলারি এগিয়ে ছিলেন ৪৭ শতাংশ। তার মানে, হিলারি যে অবস্থানে ছিলেন তার তুলনায় ঢের বেশি শক্তিশালী অবস্থানে এখন আছেন বাইডেন।

আর এই হিসাবে ২০১৬ সালের নির্বাচনের চূড়ান্ত পরিসংখ্যানে হিলারির পাওয়া ৪৮ শতাংশ ভোটের চেয়ে বাইডেন এখনই ৫ পয়েন্ট বেশি এগিয়ে আছেন।

২০১৬ এবং ২০২০ এর নির্বাচনের মধ্যে দুইজনের এই ফারাক হয়ে যাওয়ার আরও কিছু কারণ আছে। যার মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য হচ্ছে, বাইডেনের প্রতি ভোটারদের ইতিবাচক মনোভাব; যা হিলারির ক্ষেত্রে ছিল না।

এদিক থেকে সব নিবন্ধিত ভোটারের ৪৩ শতাংশই বাইডেনের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছে, আর নেতিবাচক মনোভাবের কথা বলেছে ৪২ শতাংশ। দু’য়ের হিসাবে ইতিবাচক মনোভাবে পুরো ১ পয়েন্ট পেয়ে গেছেন বাইডেন।

অন্যদিকে, ২০১৬ সালে হিলারির প্রতি ভোটারদের ইতিবাচক মনোভাব ছিল ৪০ শতাংশ আর নেতিবাচক ছিল ৫০ শতাংশ। এই হিসাবে তার মোট পয়েন্ট ছিল মাইনাস-১০।

এদিক থেকে ২০১৬ সালের হিলারির তুলনায় এবার বাইডেন প্রতিপক্ষ ট্রাম্পের বিপরীতে বেশি ভাল করছেন।

উপরন্তু আগেরবারের তুলনায় এবার অনেক বেশি স্বতন্ত্র ভোটার প্রধান দুই প্রার্থীর একজনকে এরই মধ্যে বেছে নিয়েছেন। এই সংখ্যা ৮৫ শতাংশ। ফলে তাদের মন পরিবর্তনের সম্ভাবনা কম।

তাছাড়া, এবার বয়স্ক ভোটারদের মধ্যে বাইডেনের জনপ্রিয়তা বেশি। এদিক থেকে বাইডেন ১০ পয়েন্টে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন। অথচ ২০১৬ সালে বয়স্ক ভোটারদের মধ্যে সামান্য ব্যবধানে হলেও এগিয়ে ছিলেন ট্রাম্প।

সর্বোপরি এবছর বাইডেন গতবারের হিলারির তুলনায় শ্বেতাঙ্গ ভোটারদের মধ্যে স্থান করে নিতে পেরেছেন। তিনি এই ভোটারদের মন জয় করতে না পারলেও এক্ষেত্রে ট্রাম্পের থেকে কম ব্যবধানে অর্থাৎ, ৪ পয়েন্টে পিছিয়ে আছেন। অথচ, ২০১৬ সালের নির্বাচনে হিলারি এই ভোটারদের মধ্যে ট্রাম্পের চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে ছিলেন।

এবারের নির্বাচনের একেবারে অন্তিম মুহূর্তে এসেও বেশিরভাগ জরিপে বাইডেনকেই এগিয়ে থাকতে দেখা যাচ্ছে। তারপরও এই নির্বাচনের ফলেও ২০১৬ সালের মতো চমক সৃষ্টি করে ট্রাম্পই ক্ষমতায় আসবেন বলে যদি কারও মনে হয়েও থাকে, তবুও ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকার ক্ষেত্রে হিলারির তুলনায় বাইডেনের যে ব্যবধান এবার দেখা যাচ্ছে তা নেহাত কম নয়।