আরব আমিরাত মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: খামেনি
ইসরায়েলে সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত মুসলিম বিশ্ব ও ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
মঙ্গলবার এক ভাষণে খামেনি এসব কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
“অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের বিশ্বাসঘাতকতা বেশি দিন স্থায়ী হবে না কিন্তু এই কলঙ্ক সব সময় স্মরণে থাকবে। তারা ফিলিস্তিনকে ভুলে গিয়ে ওই জায়নবাদী দেশটিকে এই অঞ্চলে পা রাখার অনুমতি দিয়েছে,” বলেন তিনি।
“মুসলিম বিশ্ব, আরব জাতি ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই বিশ্বাসঘাতকতার জন্য আমিরাতিরা চিরকাল অপমানিত হবে।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারসহ ঊর্ধ্বতন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল, চুক্তি ঘোষণার পর সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে বড় ধরনের পদক্ষেপের সূচনা করে আরব আমিরাতে (ইউএই) রাজধানী আবু ধাবিতে যাওয়ার পর খামেনি এ মন্তব্য করলেন।
কুশনারকে নির্দেশ করে খামেনি বলেন, “সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি ও ট্রাম্প পরিবারের ইহুদি সদস্যের মতো শয়তান আমেরিকানদের সঙ্গে মিলে মুসলিম বিশ্বের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।
“আমি আশা করছি, আমিরাতিরা জেগে উঠবে এবং যা করেছে তার জন্য ক্ষতিপূরণ দিবে।”
সোমবার থেকে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সরাসারি বাণিজ্যিক যাত্রীবাহী ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এর সূচনায় ইসরায়েলি এল আল এয়ারলাইন্সের প্রথম যাত্রীবাহী ফ্লাইট ইসরায়েলি ও মার্কিন ওই প্রতিনিধি দলটিকে নিয়ে আবু ধাবিতে যায়। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে আবু ধাবির পথে তিন ঘণ্টার পথ পাড়ি দেওয়ার সময় ফ্লাইটটি সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে।
সৌদি আরব ও ইসরায়েলে মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং সৌদির আকাশসীমা ইসরায়েলি ফ্লাইটের জন্য নিষিদ্ধ হলেও এই ফ্লাইটটিকে তাদের ভূখণ্ডের ওপর দিয়ে যাওয়ার অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ।
আরও পড়ুন:
