২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলখনি বিরোধ: পাল্টাপাল্টি সামরিক মহড়ার ঘোষণা তুরস্ক ও গ্রিসের 

ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলে তেল-গ্যাস মজুদের মালিকানা নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই পাল্টাপাল্টি সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে তুরস্ক ও গ্রিস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2020, 01:43 PM

Updated : 18 Aug 2022, 03:40 PM

উভয় দেশই গ্রিসের ক্রিট দ্বীপের অদূরবর্তী সাগরে মঙ্গলবার নৌ-মহড়া চালাবে বলে জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, সরকারি এক সতর্ক বার্তায় তুরস্ক অন্যান্য জলযানকে মহড়াভুক্ত জলসীমা এড়িয়ে চলতে বলেছে। 

তেল-গ্যাস অনুসন্ধানেরত গবেষণা জাহাজের অভিযান আরও বিস্তৃত করা হবে, তুরস্ক এমন ঘোষণা দেওয়ার পর গ্রিস সামরিক মহড়া চালানোর ঘোষণা দেয়।

উত্তেজনা হ্রাসের চেষ্টায় জার্মানি মঙ্গলবার তাদের পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসকে এথেন্স ও আঙ্কারায় পাঠাচ্ছেন।

এথেন্সে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিশের সঙ্গে সাক্ষাৎ করার পর মাস আঙ্কারায় তুরস্কের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

নেটো সামরিক জোটের সদস্য তুরস্ক ও গ্রিস, ক্রিট ও সাইপ্রাস দ্বীপের মধ্যবর্তী জলসীমায় তেল-গ্যাসের মজুদ আবিষ্কার নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছে।

গ্রিস আবার ইউরোপীয় ইউনিয়নেরও (ইইউ) সদস্য। বিরোধ নিরসনে ইইউ দেশ দুটিকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে কিন্তু ইইউয়ের প্রভাবশালী সদস্য ফ্রান্স গ্রিসের পাশে রয়েছে। সম্প্রতি দেশটি গ্রিসের সঙ্গে একটি নৌ-মহড়ায়ও অংশ নিয়েছে।

সোমবার এক ঘোষণায় তুরস্ক জানিয়েছে, ওই জলসীমায় তাদের গবেষণা জাহাজ অরুচ রেইসের অনুসন্ধানের সময় ২৭ অগাস্ট পর্যন্ত চার দিন বাড়ানো হচ্ছে।   

অরুচ রেইসের অনুসন্ধানকে বেআইনি বলে বিবেচনা করা গ্রিস এতে ক্ষিপ্ত হয়ে ওই অঞ্চলে নৌ মহড়া চালানো হবে বলে ইঙ্গিত দেয়।

এক বিবৃতিতে গ্রিস সরকারের মুখপাত্র স্টেলিওস পেটসাস বলেন, “কূটনৈতিকভাবে ও অভিযানের পর্যায়ে, উভয়ভাবে প্রস্তুতিসহ গ্রিস শান্তভাবে সাড়া দিচ্ছে, আর নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করতে পারবে এমন আত্মবিশ্বাসও গ্রিসের আছে।”

তুরস্কও একইরকম দৃঢ়তার সঙ্গে এর জবাব দিয়েছে। 

“অরুচ রেইস ও এটির পাহারায় থাকা আমাদের নৌবাহিনীর জাহাজগুলোর তৎপরতা থেকে এক পা পেছনে ফেরার পদক্ষেপও নিবে না তুরস্ক,” বলেছেন দেশটির প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান।  

“গ্রিস নিজেকে একটি বিশৃঙ্খলার মধ্যে ছুড়ে দিচ্ছে যেখন থেকে বের হওয়ার পথ পাবে না,” বলেছেন তিনি।

আরও পড়ুন:

প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার পাওয়ার ঘোষণা তুরস্কের  

তুরস্কের সঙ্গে উত্তেজনা: ভূমধ্যসাগরে যুদ্ধবিমান, রণতরী পাঠাবে ফ্রান্স