প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার পাওয়ার ঘোষণা তুরস্কের
কৃষ্ণসাগর উপকূলে প্রাকৃতিক গ্যাসের বিশাল ভান্ডার খুঁজে পাওয়ার কথা ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান।
জ্বালানি স্বনির্ভর হয়ে উঠতে তুরস্কের জন্য এই গ্যাস ভান্ডার ‘এক নতুন যুগের’ সূচনা করবে বলে আশার বাণী শুনিয়েছেন তিনি।
শুক্রবারের ঘোষণায় সাংবাদিকদের এরদোয়ান বলেছেন, খোদাই জাহাজ ফতিহ জুলাই থেকে সাগর অঞ্চলে গ্যাস অনুসন্ধান করছে। এ অনুসন্ধানে ৩২ হাজার কোটি (৩২০ বিলিয়ন) কিউবিক মিটার গ্যাস পাওয়া গেছে।
এই গ্যাস উত্তোলন ২০২৩ সাল নাগাদ শুরু হবে- এমনটিই আশা করছেন বলে জানান এরদোয়ান। তিনি বলেন, তুরস্ক এ যাবতকালের মধ্যে সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ভান্ডার খুঁজে পেয়েছে।
বিবিসি জানিয়েছে, তুরস্ক বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু করতে পারলে আমদানি করা জ্বালানির ওপর থেকে দেশটির নির্ভরতা কমবে।
ড্রিলিং জাহাজ ফতিহ কৃষ্ণসাগরের পশ্চিমাঞ্চলে তুরস্কের উপকূলের প্রায় ১শ’ নটিক্যাল মাইল উত্তরে ‘টুনা-ওয়ান’ এলাকায় অনুসন্ধান চালিয়ে একটি কূপ থেকে এই গ্যাস পেয়েছে। এ ভান্ডার থেকে ২০ বছরের জন্য তুরস্কের গ্যাসের চাহিদা পূরণ হওয়া সম্ভব বলে মনে করা হচ্ছে।
তুরস্কের প্রেসিডেন্ট জলদিই এ গ্যাস উত্তোলন এবং ব্যবহারের আশা প্রকাশ করলেও জ্বলানি বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, এ কাজে এক দশক লেগে যেতে পারে এবং গ্যাসের বাণিজ্যিক ব্যবহারের জন্য বিনিয়োগে শত শত কোটি ডলার ব্যয় হতে পারে।
