২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে অর্থনৈতিক কর্মকাণ্ড ফের শুরু হচ্ছে, উঠছে কারফিউ

করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে তিন মাস ধরে লকডাউনে থাকার পর সারাদেশ থেকে কারফিউ তুলে নিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড ফের সচল করতে যাচ্ছে সৌদি আরব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2020, 10:02 PM

Updated : 08 Apr 2022, 12:57 AM

দেশটিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর আরোপিত বিধিনিষেধ রোববার সকাল থেকে উঠে যাচ্ছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে শনিবার জানিয়েছে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এসপিএ। 

ওই দিন স্থানীয় সময় ভোর ৬টা থেকে কারফিউও তুলে নেয়া হবে। তবে ধর্মীয় তীর্থে গমন, আন্তর্জাতিক ভ্রমণ ও সামাজিকভাবে ৫০ জনের বেশি একত্র হওয়ার ওপর বিধিনিষেধ বহাল থাকবে। 

নতুন করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মার্চ থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে সৌদি আরব। দেশের অধিকাংশ শহর ও নগরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউও জারি করে।

মে-তে চলাচল ও ভ্রমণের ওপর বিধিনিষেধ শিথিল করতে তিন ধাপের পরিকল্পনা ঘোষণা করা হয়। এতে ২১ জুন থেকে কারফিউ পুরোপুরি তুলে নেয়ার কথা জানানো হয়।

২৮ মে চলাচল ও ভ্রমণের ওপর বিধিনিষেধ শিথিল করার পর থেকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে। দেশটিতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা এক লাখ ৫৪ হাজার ২২৩ জনে দাঁড়িয়েছে আর মোট মৃত্যু হয়েছে এক হাজার ২৩০ জনের।

ভাইরাসটির আরও ছড়িয়ে পড়া রোধ করতে হজে অংশগ্রহণকারীর সংখ্যাও সীমিত করার পরিকল্পনা করেছে সৌদি আরব, চলতি মাসের প্রথমদিকে এ সিদ্ধান্ত সম্পর্কে জ্ঞাত কয়েকজন কর্মকর্তা রয়টার্সকে এমনটি জানিয়েছিল।

সৌদি আরব সরকার হজের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না দিলেও পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত বিদেশিদের ওমরাহ পালনের সুযোগ স্থগিত রেখেছে।