২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নীরব মোদীর সংগ্রহের চিত্রকর্ম বেচে এলো ৮ মিলিয়ন ডলার

ভারতের ব্যাংক থেকে ‘দুই বিলিয়ন ডলার’ মেরে যুক্তরাজ্যে গিয়ে গ্রেপ্তার হওয়া নীরব মোদীর সংগ্রহে থাকা চিত্রকর্ম নিলামে বিক্রি করে ৮০ লাখ ডলার উদ্ধার হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2019, 10:26 PM

Updated : 10 Oct 2022, 09:01 PM

পুরনো খবর:

লন্ডনে গ্রেপ্তার পলাতক ভারতীয় ব্যবসায়ী নীরব মোদী
ভারতীয় ব্যবসায়ী নীরব মোদীর জামিন আবেদন খারিজ

ভারতের কর কর্তৃপক্ষ সোমবার মুম্বাইয়ে নিলামের আয়োজন করে ৫৫টি চিত্রকর্ম বিক্রি করে এই অর্থ বের করে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ভারতের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতির (প্রায় ২০০ কোটি ডলার) ঘটনায় প্রধান সন্দেহভাজন হীরা ব্যবসায়ী নীরব মোদীকে গত সপ্তাহে যুক্তরাজ্যে গ্রেপ্তার করা হয়। তার গহনার রয়েছে বিপুল জনপ্রিয়তা, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা এসব গহনা ব্যবহার করেন।

তার আস্তানা থেকে উদ্ধার চিত্রকর্ম বিক্রি করে ৭৩ লাখ ডলার আসবে বলে ধারণা করেছিল ভারতীয় কর্তৃপক্ষ। তবে নিলামে অনেকগুলো চিত্রকর্মের দাম তাদের অনুমানকে ছাড়িয়ে যায়।

ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী বাসুদেও এস গাইতোন্ডের তৈলচিত্রটি বিক্রি হয়েছে ৩৭ লাখ ডলারে। আর ব্রিটিশ উপনিবেশিক সময়ের চিত্রকর রাজা রবি ভার্মার আঁকা ১৮৮০ সালের একটি চিত্রকর্ম বিক্রি হয়েছে ২৩ লাখ ডলারে। 

ভারতীয় কর কর্তৃপক্ষ সাধারণত জব্দ করা সম্পত্তি, সোনা ও বিলাসবহুল পণ্য নিলামে তুলে থাকে। এবারই প্রথম চিত্রকর্মের নিলাম করল তারা।

ভারতের রাষ্ট্রায়ত্ত্ব পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় ১৪ হাজার কোটি রুপি জালিয়াতির ঘটনায় প্রধান সন্দেহভাজন নীরব মোদী ২০১৮ সালের শুরুর দিকে ভারত থেকে পালিয়ে যান।

এরপর তার সব সম্পত্তি জব্দ করা হয়, যার মধ্যে বিলাসবহুল ভবনের পাশাপাশি ছিল ১৭০টি চিত্রকর্ম।

ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আবেদনের ভিত্তিতে ইংল্যান্ডের একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত সপ্তাহে  লন্ডনে আটক হন নীরব মোদী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৯ মার্চ পর্যন্ত রিমান্ডে পাঠিয়েছে যুক্তরাজ্যের একটি আদালত।

নীরবের হীরার গহনার খরিদ্দার ছিলেন বলিউড থেকে হলিউডের নামিদামি তারকারা। তাদের মধ্যে রয়েছেন কেট উইন্সলেটও। আর নীরব মোদীর গহনার বিজ্ঞাপনে মডেল হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

নীরব মোদীর লন্ডনে ৫৫ লাখ ডলারের ফ্ল্যাটে বসবাস নিয়ে এই মাসের প্রথম দিকে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ। এর পরই তার মামলা নতুন গতি পায়।

ফোর্বসের হিসাবে, ভারতের অন্যতম শীর্ষ ধনী নীরব মোদীর সম্পদের পরিমাণ ১৭৫ কোটি ডলার।