নির্বাচনে পরাজয় মেনে নিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট
প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় জোটের প্রার্থী ইব্রাহিম মোহামেদ সোলিহর কাছে পরাজয় মেনে নিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন।
সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে পরাজয় মেনে নেওয়ার কথা জানান তিনি, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সংবাদ সম্মেলনে ইয়ামিন বলেন, “মালদ্বীপের জনগণ যা চায় সেই সিদ্ধান্ত নিয়েছে। গতকালের ফলাফল মেনে নিয়েছি আমি। আজ সকালে ইব্রাহিম মোহামেদ সোলিহর সঙ্গে দেখা করেছি আমি, যাকে মালদ্বীপের ভোটাররা তাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে। আমি তাকে অভিনন্দন জানাই।”
মালদ্বীপের নির্বাচন কমিশন জানিয়েছে, রোববারের প্রেসিডেন্ট নির্বাচনে সোলিহ ১৬ দশমিক সাত শতাংশ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।
দেশটির ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের এ পরাজয় অপ্রত্যাশিত; কারণ ইয়ামিনের জয় নিশ্চিত করতে ‘পাতানো নির্বাচনের’ ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছিল নির্বাচনী প্রচারণা পর্যবেক্ষণকারীরা।
সোমবার ভোরে নির্বাচন কমিশন ভোটের প্রাথমিক ফলাফল প্রকাশের পর ভোটে সোলিহর জয়ের বিষয়টি স্পষ্ট হয়ে যায়।
এর পরপর সাধারণে ইবু নামে পরিচিত সোলিহ রাজধানী মালেতে সাংবাদিকদের বলেন, “সুখের মূহুর্ত এটি, আশার মূহুর্ত। ব্যালট বাক্সে জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়েছে।
“তাদের বার্তা জোরালো ও পরিষ্কার। মালদ্বীপের জনগণ পরিবর্তন, শান্তি ও ন্যায়বিচার চায়। প্রেসিডেন্ট ইয়ামিনকে জনগণের ইচ্ছা মেনে নিয়ে সংবিধান অনুযায়ী নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করার আহ্বান জানাচ্ছি।”
এর পরই মালদ্বীপজুড়ে বিরোধী দলীয় জোটের সমর্থকদের মাঝে উৎসব ছড়িয়ে পড়ে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
