জাপানের হাত ধরে এবার বুলেট ট্রেনের পথে ভারত
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের হাত ধরে ভারতে প্রথম বুলেট ট্রেন প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতে শিনজো আবের দুইদিনের সফরকালে মোদী বৃহস্পতিবার নিজ রাজ্য গুজরাটের সবরমতীতে প্রকল্পটি উদ্বোধন করেন।
বিবিসি জানায়, আহমেদাবাদ ও মুম্বাইয়ের মধ্যে চলবে এই বুলেট ট্রেন। সাধারণ ট্রেনে আহমেদাবাদ থেকে মুম্বাই পৌঁছতে সময় লাগে প্রায় ৭/৮ ঘণ্টা। কিন্তু বুলেট ট্রেনে তা লাগবে মাত্র ৩ ঘণ্টা।
প্রকল্পের কাজে খরচ হবে ১৭ হাজার কোটি ডলার। এর বেশিরভাগ অনুদানই দিচ্ছে জাপান।
আগামী পাঁচ বছরের মধ্যে অর্থাৎ, ২০২২ সাল থেকে ভারতে বুলেট ট্রেন চলাচল শুরু হবে। সে বছর স্বাধীনতা দিবসের দিনই প্রথম গড়াবে ট্রেনের চাকা।
আহমেদাবাদ থেকে মু্ম্বাই পর্যন্ত প্রায় ৫০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করবে ট্রেনটি। চলবে গড়ে ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে।
জাপানের মোট জনবসতির সমান মানুষ প্রতি সপ্তাহে রেলে যাতায়াত করেন ভারতে। সেকারণে ভারতে বুলেট ট্রেন সম্ভাবনাময় বলে অভিহিত করেছেন মোদী।
ভারত-জাপান ভবিষ্যতে একযোগে দেশে আরও উচ্চগতির পরিবহণ ব্যবস্থা চালু করতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
ওদিকে, ট্রেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আবে বলেন, “আমার ভাল বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন দূরদর্শী নেতা। তিনি দুবছর আগেই দ্রুতগতির ট্রেন চালু করে একটি নতুন ভারত গড়ার সিদ্ধান্ত নিয়েছেন।”
“আগামী কয়েক বছরের মধ্যে আমি যখন আবার এখানে আসব তখন বুলেট ট্রেনের জানালা দিয়ে ভারতের সুন্দর দৃশ্য উপভোগ করার আশায় রইলাম।”
বুলেট ট্রেনের হাত ধরেই আর্থিক-সামাজিক ক্ষেত্রে বদল আসবে বলে মনে করছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। বুলেট ট্রেন সুস্থ ও পরিবেশবান্ধব বলে মন্তব্য করেন তিনি। তাছাড়া, এ ট্রেনের জন্য কর্মসংস্থান এবং বিদেশি লগ্নিও বাড়বে বলে তিনি মনে করেন।
মোদী বলেন, “এটিই নতুন ভারত। এ ভাবেই ভারত এগিয়ে যাবে।”
