গণভোটে জয়ী এরদোয়ানকে ট্রাম্পের অভিনন্দন
গণভোটে জয়ী তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববারের ওই গণভোটে জিতে এরদোয়ান ব্যাপক ক্ষমতার অধিকারী হচ্ছেন বলে জানিয়েছে বিবিসি।
গণভোটে ৫১ দশমিক চার শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন এরদোয়ান। জনতার এ রায়ের মাধ্যমে তুরস্ক পার্লামেন্ট শাসিত রাষ্ট্র থেকে প্রেসিডেন্ট শাসিত রাষ্ট্রে পরিণত হবে।
কিন্তু দেশটির ৪৮ দশমিক ছয় শতাংশ মানুষ এই পরিবর্তনের বিপক্ষে থাকায় তুর্কি সমাজের গভীর বিভক্তি এতে প্রকাশ পেয়েছে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।
বিপুল বিরোধী জনমতকে উপেক্ষা করে দেশটির রাজনৈতিক পরিবর্তনের এ পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় দেশগুলোর নেতারা। কিন্তু তাদের মনোভাবের বিপরীতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এরদোয়ানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন।
পূর্ব প্রস্তুতি নিয়েই এরদোয়ানকে ফোন করেছিলেন ট্রাম্প। মূলত সিরিয়ার বিষয়টি সামনে নিয়ে আসাই এই ফোনের উদ্দেশ্য।
ট্রাম্পের ফোনে এরদোয়ানের সমর্থকরা উচ্ছ্বসিত হবেন। এর মাধ্যমে তাদের নেতার জয় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্রের অনুমোদন পেল বলেই মনে করবেন তারা।
অপরদিকে, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের হুঁশিয়ারি ও এরদোয়ান কর্তৃক পশ্চিমা সমালোচকদের তিরস্কারের পরও ট্রাম্পের এ অভিনন্দনে হতাশ হবেন এরদোয়ান বিরোধীরা; আর এটি তুরস্কের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বিভাজনকেই আরো স্পষ্ট করে তুললো।
এই ফোন কলের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট এরদোয়ানের মধ্যকার মিলগুলোও ফের স্পষ্ট হয়ে উঠলো। দুজনেই গণতান্ত্রিক রীতিনীতি ও সাংবাদপত্রের স্বাধীনতা বিষয়ে অসহিষ্ণু; তবে এসব বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট অবশ্যই অনেক বেশি কট্টর।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন সিরিয়ায় আইএসের সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে কুর্দি যোদ্ধাদের সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষুব্ধ তুরস্ক। তবে তুরস্কের ব্যর্থ গণঅভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের কথিত ভূমিকা নিয়ে নেটোভুক্ত দেশদুটির সম্পর্কে গভীর তিক্ততা সৃষ্টি হয়।
ধারণা করা হচ্ছে এসব তিক্ততাকে পাশ কাটাতেই এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। কারণ সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার পর সৃষ্ট পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থানের পক্ষে তুরস্ককে পাশে পাওয়া দরকার তার।
