২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মসুলের কাছে নৃশংস কর্মকান্ড চালাচ্ছে আইএস

মসুলে ইরাকি বাহিনীর অভিযান শুরুর পর সেখানে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের চরম নৃশংসতার খবর পাচ্ছেন জাতিসংঘের মানবাধিকার কর্মীরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2016, 09:58 PM

Updated : 12 Apr 2022, 03:08 AM

জাতিসংঘের বরাত দিয়ে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, ইরাকি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর আইএস  জঙ্গিরা স্থানীয়দের এক গ্রাম থেকে অন্য গ্রামে নিয়ে যাওয়ার সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযোগ তুলে তিন নারী ও তিন শিশুকে গুলি করে হত্যা করে।

অন্য জায়গায় আতঙ্ক ছড়াতে ১৫ বেসামরিক নাগরিককে হত্যার পর তাদের মৃতদেহ নদীতে ছুঁড়ে ফেলা হয়েছে বলে খবর পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার কর্মীরা।

জাতিসংঘের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, মসুলে আইএস  উৎখাত অভিযানের মধ্যে জঙ্গিরা বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করতে পারে।

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর সমর্থনে ১৬ অক্টোবর থেকে ইরাকের বিশেষ বাহিনী  মসুল অভিযান শুরু করে। ইরাকে আইএস-র সবচেয়ে শক্তঘাঁটি মসুল।

জাতিসংঘের তথ্যমতে, মসুলে প্রায় ১৫ লাখ বেসামরিক মানুষ বসবাস করে। আগামী কয়েক সপ্তাহে প্রায় দুই লাখ মানুষকে গৃহহীন হতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক সংস্থাটির কর্মকর্তারা।

মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার রুপার্ট কলভিল বলেন, জাতিসংঘ মসুলে নারী ও শিশুদের এমনকি বেসামরিক পুরুষদের নৃশংসতার শিকার হওয়ার একে পর এক প্রতিবেদন পাচ্ছে।

“আমাদের পক্ষে তাৎক্ষণিকভাবে হাতে পাওয়া সব প্রতিবেদনের সত্যতা যাচাই করা খুব কঠিন। তাই আপাতত এগুলো প্রাথমিক প্রতিবেদন হিসেবে বিবেচিত হচ্ছে।”

জাতিসংঘে জমা পড়া একটি প্রতিবেদনে বলা হয়, গত বুধবার সাফিনা গ্রামের ছয় ব্যক্তিকে গাড়ির সঙ্গে বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হয় এবং তাদের বেদম মারধর করা হয়।

পরদিন মসুল থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে তুলউল নাসের গ্রামের কয়েকটি বাড়ির ভেতর থেকে অন্তত ৭০ জন বেসামরিক নাগরিকের মৃতদেহ উদ্ধার করে ইরাকি বাহিনী।