লন্ডনের মেয়র হওয়ার পথে সাদিক
লন্ডনে মেয়র নির্বাচনে ১১ প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন লেবার পার্টির প্রার্থী সাদিক খান।
এ পর্যন্ত ঘোষিত ফলে পাকিস্তানি বংশোদ্ভূত সাদিক খান ৪৩ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জ্যাক গোল্ডস্মিথের প্রাপ্ত ভোট ৩৫ শতাংশ।
জয়ী হলে সাদিক খান হবেন লন্ডনের প্রথম মুসলিম মেয়র, যিনি লেবার পার্টি থেকে নির্বাচিত টুটিংয়ের এমপি।
আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা না হলেও ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বরিস জনসনের আসনে বসা এখন সাদিক খানের জন্য সময়ে ব্যাপার মাত্র।
এরই মধ্যে শেষবারের মতো মেয়রের টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে লন্ডনবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বরিস জনসন।
তিনি বলেছেন, “সিটি হল ছাড়ার সময় হলো। আপনাদের মেয়রের দায়িত্ব পালন করতে পেরে আমি ধন্য।”
গত সেপ্টেম্বরে লেবার পার্টির প্রার্থী বাছাইয়ে পঞ্চম দফা ভোটে প্রায় ৫৯ শতাংশের সমর্থন পেয়েই জয়ের ইঙ্গিত দিয়েছিলেন এই বাসচালকের ছেলে সাদেক খান।
লেবার পার্টির রাজনীতিতে যুক্ত হওয়ার আগে অবশ্য তিনি ছিলেন মানবাধিকার আইনজীবী।
