সিরিয়ায় স্থল সেনা পাঠানোর সম্ভাবনা বাতিল করলেন ওবামা
যুক্তরাষ্ট্রের স্থল সেনা পাঠানোর সম্ভাবনা বাতিল করে শুধু সামরিক উদ্যোগে সিরিয়ার সমস্যার সমাধান করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
রোববার বিবিসিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে ওবামা বলেন, “সিরিয়ায় স্থল সেনা পাঠিয়ে (বাশার আল-) আসাদের শাসনের পতন ঘটানো যুক্তরাষ্ট্র বা গ্রেট ব্রিটেনের জন্য ভুল হবে।”
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্বের শেষ নয় মাসে তথাকথিত ইসলামিক স্টেটকে (আইএস) পরাজিত করা যাবে বলে তিনি মনে করেন না।
তবে তিনি বলেছন, “যেখান থেকে তারা পরিচালিত হয় সেই পরিবেশকে আমরা ধীরে ধীরে সঙ্কুচিত করে দিতে পারি।”
যুক্তরাজ্যে তিনদিনের সফরে থাকা ওবামা বলেন, “সিরিয়ায় প্রচুর জটিলতার মধ্যে হৃদয় ভেঙে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর কোনো সহজ সমাধান আছে বলে আমি মনে করি না।”
ওবামা জানান, রাক্কার মতো জায়গাগুলোতে ‘আইএসআইএল’ (আইএস) এর উপর হামলা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনী এবং দেশটির এ ধরনের জায়গাগুলোকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবে।
ওইসব এলাকাগুলোকে ঘিরে ফেলে ইউরোপে বিদেশি যোদ্ধা পাঠানোও বন্ধ করা হবে বলে জানান তিনি।
কিন্তু বিশ্ব সম্প্রদায়কে রাশিয়া, ইরান ও সিরিয়ার মধ্যপন্থি বিরোধীদলসহ সব পক্ষের উপর চাপ প্রয়োগ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, “আলোচনার টেবিলে বসে ক্ষমতা হস্তান্তরের জন্য চেষ্টা করে যেতে হবে।”
“কিন্তু এটি খুব কঠিন,” বলেন তিনি।
আইএসকে দুর্বল করে দিতে সামরিক হামলা অব্যাহত রাখার কথা জানিয়ে তিনি বলেন, “কিন্তু এ ধরনের একক উদ্যোগে সিরিয়ার দীর্ঘ দিনের সমস্যার সমাধান হবে না।”
