হুমকির মুখে এয়ার ফ্রান্সের দুটি বিমানের দিক পরিবর্তন
যুক্তরাষ্ট্র থেকে প্যারিসমুখী এয়ার ফ্রান্সের দুটি বিমান বোমা হামলার হুমকির মুখে কয়েক ঘণ্টার জন্য গতিপথ পরিবর্তন করে অবতরণে বাধ্য হয়েছেবলে জানিয়েছেন কর্মকর্তারা।
মঙ্গলবার দুটি বিমানই নিরাপদে ভিন্ন ভিন্ন স্থানে অবতরণ করে। প্রথমে ফ্লাইট ৬৫, এয়ারবাস এ-৩৮০ যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস থেকে প্যারিসেযাওয়ার সময় হুমকির মুখে দিক পরিবর্তন করে সল্ট লেক সিটিতে অবতরণ করে। এ বিমানটিতে ৪৯৭ জন যাত্রী ও ক্রু ছিল বলে জানিয়েছেন বিমান কর্মকর্তারা।
অপর একটি ফ্লাইট ৫৫, বোয়িং ৭৭৭ ওয়াশিংটন ডি সি’র বাইরে ডালাস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্যারিসে যাওয়ার সময় একই কারণে কানাডায় নোভা স্কটিয়ার হালিফ্যাক্স বিমানবন্দরে অবতরণ করে। এ বিমানটিতে ছিল ২৬২ জন যাত্রী ও ক্রু।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে এয়ার ফ্রান্স জানায়, দুটি বিমানই ওড়ার পর হুমকি পেয়েছে।
তারপরই বিমান দুটিকে অবতরণ করানো হয়। বিমানে বিস্ফোরকের খোঁজে তল্লাশিও চালানো হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
প্যারিসে গত শুক্রবারের জঙ্গি হামলায় ১২৯ জনের মৃত্যুর ঘটনার পর অত্যন্ত সতর্কাবস্থায় রয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।
পূর্বসতর্কতামূলক ব্যবস্থা হিসাবে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছে ফ্রান্স এয়ারলাইন্স। দুটিবিমানের ক্ষেত্রেই হুমকিদাতা একই কিনা, তা এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। হুমকি কে দিয়েছে খতিয়ে দেখা হচ্ছে।
