২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে

তুরস্কের সুরুকে আত্মঘাতী বোমা হামলার পর এজন্য সরকারের অবহেলাকে দায়ী করে ইস্তাম্বুলসহ দেশটির কয়েকটি বড় শহরে সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 22 Jul 2015, 06:59 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

মঙ্গলবার বিক্ষোভের দ্বিতীয় রাতে অন্তত ১১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ইস্তাম্বুলের কাদিকই এলাকায় একটি মিছিল থেকে ‘খুনী ইসলামিক স্টেট, তার সহযোগী এরদুগান এবং একেপি’ বলে শ্লোগান দিতে শোনা যায়।

টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

রাজধানী আঙ্কারায়ও রাতভর বিক্ষোভ হয়েছে। সুরুকে বোমা হামলায় নিহতদের ছবি নিয়ে বিক্ষোভকারীদের মিছিল করতে দেখা গেছে।

এদিকে বুধবার স্যানলিউরফা নগরে দুই জন পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। সুরুক এই নগরের অন্তর্ভূক্ত।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, দুইজনকেই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। তবে বর্তমান রাজনৈতিক অস্থিরতার সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক আছে কিনা সেটা এখনও পরিষ্কার নয়।

সোমবার তুরস্কের সিরীয় সীমান্তবর্তী শহর সুরুকে একটি সাংস্কৃতিক কেন্দ্রে বোমা হামলায় ৩২ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়।

তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু এ হামলার পেছনে ইসলামিক স্টেটের (আইএস) হাত থাকার জোর সম্ভাবনা আছে বলে মনে করেন।

এ হামলার পর সিরিয়া সীমান্ত জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তুরস্ক।

তুরস্কের অনেক কুর্দি এবং বিরোধী দলের সমর্থকরা মনে করেন, প্রেসিডেন্ট তাইপ এরদুগান এবং ক্ষমতাসীন একে পার্টি কুর্দিস যোদ্ধাদের বিরুদ্ধে প্রচ্ছন্নভাবে আইএসকে সহযোগিতা করছে।

যদিও তুরস্ক সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

পুরনো খবর:

তুরস্কে বোমা হামলা: সন্দেহভাজন একজনের পরিচয় সনাক্ত
বোমা হামলার পর সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে তুরস্ক
তুরস্কে ‘আত্মঘাতী’ বোমা হামলায় নিহত ২৮