তুরস্কে বোমা হামলা: সন্দেহভাজন একজনের পরিচয় সনাক্ত
তুরস্কের সুরুকে বোমা হামলায় জড়িত সন্দেহভাজন একজনের পরিচয় সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু।
ঘটনাস্থল পরিদর্শনে মঙ্গলবার সিরিয়ার সীমান্তবর্তী শহরটিতে যাওয়ার কথা রয়েছে তার।
সন্দেহভাজন ওই ব্যক্তির সঙ্গে আন্তর্জাতিক বা দেশের অভ্যন্তরে কাদের যোগাযোগ আছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এই হামলার পেছনে ইসলামিক স্টেটের (আইএস) হাত থাকার সম্ভাবনা ‘খুব বেশি’ বলে মনে করেন দাভুতোগলু।
এ ঘটনার পর তুরস্ক সরকার সিরীয় সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে।
দাভুতোগলু বলেন, “এই হামলার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।”
“তুরস্কের জনগণকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।”
সোমবার সুরুক শহরের কাছে একটি সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যানে বোমা হামলায় ৩২ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়।
সিরিয়ার শহর কোবানি পুনর্গঠন কাছে অংশ নেয়ার জন্য তিনশ’র বেশি তুর্কি ও কুর্দি তরুণ ওই সাংস্কৃতিক কেন্দ্রে জড় হয়েছিল।
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সোমবারের হামলার জন্য আঙ্কারাকে দায়ী করে বলে, “কুর্দিদের দমন করার জন্য আঙ্কারা সচেতনভাবে আইএসকে সমর্থন ও লালন-পালন করছে।”
এ অভিযোগ অস্বীকার করে দাভুতোগলু বলেন, “ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) কখনওই কোনো জঙ্গি সংগঠনকে প্রশ্রয় দেয় না।”
সিরীয় সীমান্তে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার জন্য বুধবার দেশটির মন্ত্রীসভার বৈঠক হওয়ার কথা রয়েছে।
হামলার পরপরই ধারণা করা হয়েছিল, একজন নারী আত্মঘাতী এই হামলা চালিয়েছেন। কিন্তু পরে স্থানীয় গণমাধ্যম জানায়, একজন পুরুষ এ হামলার সঙ্গে জড়িত।
সুরুকে হামলার পর পুরো সানলিউরফা নগরে সব ধরণের মিছিল বা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
‘অনাকাঙ্খিত ঘটনা’ এড়াতেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন নগর পিতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল
