বোমা হামলার পর সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে তুরস্ক
সিরীয় সীমান্তের নিকটবর্তী তুর্কি একটি শহরে সন্দেহভাজন ইসলামিক স্টেটের (আইএস) এক জঙ্গি আত্মঘাতী বোমা হামলা চালানোর পর সীমান্ত নিরাপত্তায় জোর দিয়েছে তুরস্ক।
সোমবার তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় সুরুক শহরে চালানো ওই বোমা হামলায় অন্ততপক্ষে ৩০ জন নিহত হন, যাদের অধিকাংশই তরুণ শিক্ষার্থী।
শহরটির অধিকাংশ বাসিন্দাই জাতিগতভাবে কুর্দি।
সুরুকের মাত্র ১০ কিলোমিটার দূরে সিরীয় শহর কোবানির অবস্থান। সেখানে সিরীয় কুর্দি বাহিনীর সঙ্গে আইএস জঙ্গিদের লড়াই চলছে।
সুরুকের একটি সাংস্কৃতিক কেন্দ্রের সামনের ওই পার্কে কুর্দি অধিকার নিয়ে আন্দোলনকারী একটি গোষ্ঠীর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কয়েকশ সদস্য জড়ো হওয়ার পর হামলাটি চালানো হয়।
শহরের পুনর্গঠনে অংশ নেওয়ার জন্য ওই তরুণরা কোবানি যাওয়ার পরিকল্পনা করেছিলেন। এ উপলক্ষে স্থানীয় গণমাধ্যমে একটি বিবৃতি দিতে জড়ো হয়েছিলেন তারা। আর তখনই তাদের লক্ষ করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।
তুরস্কের নেটো মিত্ররাও দেশটির সিরীয় সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখার পক্ষে। আইএস নিয়ন্ত্রিত এলাকার সঙ্গেও এই সীমান্তের কিছু অংশ পড়েছে। কিন্তু সীমান্তের কাছে তুরস্কের ভিতরে ১৮ লাখ সিরীয় শরণার্থী থাকায় ও অবাধ চোরাকারবার চলায় সীমান্তে নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।
রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু ওই হামলায় ৩০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন।
তিনি বলেন, “এটি সম্ভবত একটি আত্মঘাতী বোমা হামলা।”
দেশটির হুরিয়াত সংবাদপত্র দাবি করেছে, হামলাকারী ১৮ বছর বয়সী এক তরুণী। তবে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দাভুতোগলু বলেছেন, “আইএসের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে তুরস্ক, আরো ব্যবস্থা গ্রহণের ধারা অব্যাহত রাখবে। সিরীয় সীমান্তে নিয়ন্ত্রণ আরো বাড়ানো হবে।”
অপরদিকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) সোমবারের বোমা হামলার জন্য আঙ্কারাকে দায়ী করে বলেছে, “কুর্দিদের দমন করার জন্য আঙ্কারা সচেতনভাবে আইএসকে সমর্থন ও লালন-পালন করছে।”
সিরীয় গৃহযুদ্ধের জের সীমান্ত অতিক্রম করে তুরস্কে চলে আসতে পারে আশঙ্কায় মাত্র কয়েক সপ্তাহ আগেই সীমান্ত নিরাপত্তা জোরদার করেছিল তুরস্ক।
