শেখ শাহরিয়ার জামান
ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় চলমান অস্থিরতা দীর্ঘস্থায়ী হতে পারে- এমন আশঙ্কা থেকে সেখানে অবস্থানরত বাংলদেশি পরিবারগুলো দেশে ফেরার পরিকল্পনা করছে।
বর্তমানে পাঁচশ'র মতো বাংলাদেশি পরিবার লিবিয়ায় অবস্থান করছে বলে জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত এবিএম নূরুজ্জামান।
শুক্রবার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি পরিবারগুলো আশঙ্কা করছে- এই যুদ্ধ পরিস্থিতি দীর্ঘ দিন থাকবে।"
তবে তারা সবাই 'এখন পর্যন্ত' নিরাপদেই আছেন বলে রাষ্ট্রদূত জানান।
গত ফেব্র"য়ারি মাসে লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৫ হাজারের মতো বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।
নূরুজ্জামান বলেন, ত্রিপোলি থেকে তিউনিসিয়া সীমান্ত পর্যন্ত সড়কটি এখন নিরাপদ নয়। এ কারণে ওই পরিবারগুলোকে তিউনিসিয়া সীমান্তে পৌঁছে দেওয়ার ব্যাপারে রেডক্রসের সহায়তা চাওয়া হয়েছে। তবে রেডক্রস জানিয়েছে, এ মুহূর্তে এ বিষয়ে সহযোগিতা দেওয়া তাদের জন্যও কঠিন।
রাষ্ট্রদূত বলেন, "আমার জানা মতে সংকট শুরুর পর থেকে এ পর্যন্ত লিবিয়ায় কোনো বাংলাদেশি আক্রান্ত হননি। কয়েদিন আগে তিউনিসিয়া যাওয়ার পথে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিলো। তবে আমাদের সঙ্গে কথা বলার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।"
পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আটকা পড়া বাংলাদেশি পরিবারগুলোকে নিরাপদে লিবিয়া থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
এইচএসসি পরীক্ষা
রাষ্ট্রদূত জানান, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও লিবিয়ায় বসে ছয় বাংলাদেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
"আমরা দূতাবাসেই তাদের পরীক্ষা নিচ্ছি।"
এদের সবাই বাংলাদেশ অ্যাম্বেসি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে নূরুজ্জামান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডকটম/এসএসজেড/এএল/জেকে/১৯৪৬ ঘ.
bdnews24