২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬ আশ্বিন ১৪৩৩

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে লড়াই চলছে, হুতি ঘাঁটিতে সরকারি বাহিনীর হামলা

লড়াইয়ের মূল কেন্দ্রবিন্দু এখন তাইজ এবং হোদাইদা গভর্নরেটের উপকূলীয় অঞ্চল। সরকারি বাহিনী তাইজের দু বাব এবং হোদাইদার খোখায় হুথিদের অবস্থানে পাল্টা হামলা চালাচ্ছে।

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে লড়াই চলছে, হুতি ঘাঁটিতে সরকারি বাহিনীর হামলা
হুতি যোদ্ধা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Sep 2026, 09:27 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সামরিক সংঘাত অব্যাহত রয়েছে। তাইজ থেকে লোহিত সাগর উপকূল পর্যন্ত বিস্তৃত এলাকায় হুতি বিদ্রোহীদের অবস্থানগুলোতে হামলা চালানোর কথা জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।

সোমবার ইয়েমেন সরকার জানায়, তাইজ প্রদেশের দু বাব এবং পার্শ্ববর্তী হোদাইদা প্রদেশের খোখা এলাকায় হুতিদের জনবল, সামরিক সরঞ্জাম ও লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়।

এই এলাকাগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এগুলো ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় উপকূল সংলগ্ন লোহিত সাগর এবং বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালির খুব কাছে অবস্থিত।

প্রণালিটি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে।

রণকৌশলগতভাবে দু বাব অঞ্চলটি সরাসরি বাব আল-মান্দেব প্রণালির কাছে এবং খোখা অঞ্চলটি লোহিত সাগর উপকূলের আরও উত্তরে অবস্থিত। তাইজের চারপাশের যুদ্ধক্ষেত্রকে ইয়েমেনের পশ্চিম উপকূলের সঙ্গে সংযোগকারী পুরো ফ্রন্টলাইনজুড়েই বর্তমানে এই লড়াই চলছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নাজিলি জানান, দুটি এলাকাতেই হুতিদের সামরিক সরঞ্জাম, সেনা সদস্য এবং মূল ঘাঁটিগুলোতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে সরকারি বাহিনী।

এদিকে বাহিনীর সার্বিক যুদ্ধপ্রস্তুতি দেখতে তাইজের আশপাশের একাধিক ফ্রন্টলাইন পরিদর্শন করেছেন সামরিক কমান্ডাররা। পরিদর্শন করা এলাকাগুলোর মধ্যে রয়েছে বনি ওমর, জারদাদ এবং আল-ওয়াজিয়াহ সংলগ্ন এলাকা।

ইয়েমেনের তোর আল-বাহা অক্ষের দায়িত্বে থাকা সামরিক কমান্ডার মেজর জেনারেল আবু বকর আল-জুবৌলি জানান, সাম্প্রতিক সংঘর্ষগুলোতে হুতিদের বিপুল ক্ষয়ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে সরকারি বাহিনী।